পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার দুজন নিহত হয়েছেন। এঁদের একজনের নাম লিয়াকত হোসেন (৩২)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সোয়া সাতটার দিকে মহাখালী পুলিশ বক্সের কাছে একটি বাস থামিয়ে যাত্রী নামানো হয়। এ সময় চালকের সহকারী লিয়াকত হোসেনও নেমে দাঁড়ান। একপর্যায়ে চালক বাসটি ছেড়ে দিলে লিয়াকত দৌড়ে বাসটিতে উঠতে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, চালক পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিয়াকত স্ত্রী ও সন্তান নিয়ে মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন। তাঁর স্ত্রীর নাম পারভীন আক্তার। গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মধুপাড়ায়। তাঁর বাবার নাম কহিস উদ্দিন। অপর ঘটনায় গতকাল ভোর রাতে খিলক্ষেত থানার লোটাস কামাল টাওয়ারের সামনে বেপরোয়াগতির একটি ট্রাক অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। খিলক্ষেত থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাঁর পরনে সাদা শার্ট ও বেগুনি রঙের লুঙ্গি ছিল।