পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে গুলশান ২ নম্বর এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় মারা যান ফিরোজা বেগম (৪৩) নামের এক নারী। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঝাড়ুদার ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। স্বামী আবদুর রহমান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে পুরান ঢাকার ইংলিশ রোডে রাস্তা পার হওয়ার সময় মিনিবাসের ধাক্কায় মারা যান চান মিয়া (৯০) নামের একজন বৃদ্ধ। তিনি পান দোকানদার ছিলেন। চান মিয়ার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে। তাঁর বাবা ওয়াজ উদ্দিন মৃধা। নিহত এ দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এদিকে হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে গুলিস্তানসংলগ্ন নগর ভবনের সামনে যাত্রীবাহী লেগুনা ও মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হন। দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে লেগুনার চালক মো. মোতালেবের অবস্থা আশঙ্কাজনক।