পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজধানীতে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন শ্রমিক মো. রাসেল (১৮), তৈরি পোশাকশ্রমিক মিনারা বেগম (৩৫) ও গৃহকর্মী নার্গিস বেগম (২৮)।পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে মাটিভর্তি একটি ট্রাক মোহাম্মদপুর থানার সাতমসজিদ রোড থেকে বেড়ি বাঁধের দিকে যাচ্ছিল। ট্রাকটিতে মো. রাসেলসহ কয়েকজন শ্রমিক ছিলেন। ট্রাকটি কনফিডেন্স টাওয়ারের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাসেল ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, রাসেলের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়বাদ্দা গ্রামে। এদিকে গত শনিবার রাত নয়টার দিকে রামপুরার ডিআইটি রোডে তুরাগ পরিবহনের একটি মিনিবাসের চাপায় মিনারা বেগম ঘটনাস্থলে নিহত হন। মিনারার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রামপুরা থানার এসআই নিজামউদ্দিন জানান, মিনারা পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে ভাড়া বাসায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ার উত্তরপুল এলাকায়।পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে খিলক্ষেতের লোটাস কামাল টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় নার্গিস বেগমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। নার্গিস খিলক্ষেত খাঁ পাড়ায় একটি বাড়ির গৃহকর্মী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগরে।