পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকায় পিকআপের ধাক্কায় মারা যায় শিশু মো. জসীম (৯)। আর বেলা আড়াইটার দিকে বাড্ডায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় কিশোর মো. ইয়াছিন (১৭)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, শিশু জসীম তার মা-বাবার সঙ্গে গাবতলীর হরিরামপুরের এক বাসায় থাকত। গতকাল সে মা-বাবার সঙ্গে রিকশাযোগে পশ্চিম আগারগাঁওয়ে নানার বাসার উদ্দেশে রওনা দেয়। নানার বাসার সামনে পৌঁছে জসীমের বাবা-মা রিকশাভাড়া মেটাতে ব্যস্ত ছিলেন। এ সময় সে রিকশা থেকে নেমে পাশের একটি ভবনের নিচে দাঁড়ালে সেখানকার গ্যারেজ থেকে একটি পিকআপ ভ্যান বের হতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, গাড়ির মালিকের ছেলে শিহাবকে (১৬) গাড়িসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। নিহত জসীমের বাবার নাম খোকন মিয়া। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলায়।অন্যদিকে রাজধানীর বাড্ডা এলাকায় মো. ইয়াছিন নামের এক কিশোর প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছে। এ ব্যাপারে বাড্ডা থানার কর্মকর্তা আনিসুল ইসলাম বলেন, গতকাল বেলা আড়াইটার দিকে বারিধারার প্রগতি সরণি এলাকায় সড়কের পাশে একটি সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল কিশোর মো. ইয়াছিন। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে সামনের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন নিহত ও গাড়ির চালকসহ দুজন আহত হয়। গাড়িচালক শাহাদতের অবস্থা গুরুতর। গাড়িচালক শাহাদতকে পুলিশের প্রহরায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, ইয়াছিন বারিধারার একটি গ্যারেজে চাকরি করত। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। বাবার নাম রতন মিয়া।