পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের সময় বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরও এক মাস সময় দিয়েছেন আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এ-সংক্রান্ত শুনানি মুলতবি করেন। আদালত অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, ‘৩ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হলো। অসম্পূর্ণভাবে আসবেন না।’গত ১ অক্টোবর আদালত বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারকে এক মাস সময় দেন। একইসঙ্গে ৪ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ অর্থ মন্ত্রণালয়ের ১ নভেম্বরের একটি গেজেট আদালতে তুলে ধরেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড আফতাব হোসেন।অর্থ মন্ত্রণালয়ের ওই গেজেটে বিচারিক ভাতা ৩০-এর পরিবর্তে ৫০ শতাংশ হারে ও পোশাকভাতা বছরপ্রতি পাঁচ হাজার টাকা হারে প্রাপ্য হওয়ার কথা বলা হয়। এ ছাড়া আপ্যায়ন ভাতা ও চৌকি ভাতার কথাও বলা হয়।জানা যায়, মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করে। পরে কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে ওই পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিৎসা, পোশাকভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও সুপারিশে উল্লেখ করা হয়।