পেছনে ফিরে ছেলে দেখলেন মায়ের লাশ
মাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে গুলশানের দিকে যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। পথিমধ্যে মা পড়ে যাওয়ায় পেছনে তাকিয়ে দেখেন, কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে রক্তাক্ত লাশ হয়ে আছেন মা। গতকাল রোববার দুপুরে বাড্ডা থানা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মাসুদা বেগম (৫৫)। তিনি স্বামী-সন্তান নিয়ে যাত্রাবাড়ীর গোলাপবাগে থাকতেন।পরিবার ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে ছেলের মোটরসাইকেলের পেছনে বসে গুলশান ২ নম্বরের দিকে রওনা দেন মাসুদা। মেরুল বাড্ডার বৌদ্ধমন্দিরের বিপরীত পাশের সড়কে আসার পর যানজটে পড়েন তাঁরা। কিছুক্ষণ পর যান চলাচল শুরু হলে মোটরসাইকেল টান দেন মুস্তাফিজুর। এতে হঠাৎ ঝাঁকুনিতে ভারসাম্য রাখতে না পেরে পেছনের আসন থেকে ছিটকে সড়কে পড়েন মাসুদা। ওঠার আগেই পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।মুস্তাফিজুর সাংবাদিকদের বলেন, মা পড়ে গেছেন টের পেয়ে তিনি দ্রুত মোটরসাইকেল থামান এবং পেছনে ফিরে দেখেন, কাভার্ড ভ্যানের চাকার নিচে তাঁর মায়ের নিথর দেহ।বাড্ডা থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। চালকের নাম এরশাদুজ্জামান। মাসুদা বেগমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়। স্বামী মজিবুর রহমান।এদিকে রাজধানীর কারওয়ান বাজারে গতকাল সকালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।