পেটে হাওয়া ঢোকানোর অভিযোগে গ্রেপ্তার ৪
রাজধানীর বাড্ডায় এক কাঠমিস্ত্রির পায়ুপথ দিয়ে তাঁর সহকর্মীরা কমপ্রেসারের মাধ্যমে হাওয়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে বাড্ডার সাঁতারকুলের ঢাকা টিম্বার কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এতে আহত আহসান হাবিব (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় বেলা ১১টার দিকে আহসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাঁর পেট ফুলে গেছে। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে তাঁর অবস্থা গুরুতর নয়।
আহসান হাবিব বলেন, সকালে তাঁরা পাঁচজন মিলে কাজ করছিলেন। দুষ্টুমি করে সাদ্দাম নামের তাঁর এক সহকর্মী আহসানের পায়ুপথে দোকানের কাঠ পরিষ্কার করার কাজে ব্যবহৃত কমপ্রেসার পাইপ ধরেন। এতে আহসানের পরনেরপ্যান্ট ফুটো হয়ে আহসানের পেটে হওয়া ঢুকে যায়। হওয়ায় পেট ফুলে গেলে আহসান চিৎকার করতে থাকেন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়।
বড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, আহত আহসানের অবস্থা শঙ্কামুক্ত। ঘটনায় তাঁর চার সহকর্মী সাদ্দাম, কামরুল, জাহিদ ও আওয়ালকে আটক করে থানায় আনা হয়েছে।
এর আগে গত ৩ আগস্ট খুলনার একটি ওয়ার্কশপে মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিনের মাধ্যমে রাকিব হওলাদার (১২) নামের এক শিশুশ্রমিকের পায়ুপথ দিয়ে হওয়া ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুজনকে মৃত্যুদণ্ড দেন আদালত।