পেট্রলপাম্প কর্মচারীর জেল খাদ্য প্রস্তুতকারীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতকে অসহযোগিতা ও মিথ্যা তথ্য দেওয়ায় নাসিরউদ্দিন নামে এক পেট্রলপাম্প কর্মচারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার রাজধানীর দারুসসালাম থানার মিরপুর রোডে মোহনা ফিলিং স্টেশনের কর্মচারীকে এই সাজা দেন। বেলা সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কল্যাণপুরে সোহরাব ফিলিং স্টেশনে অভিযান চালান। সেখানে চারটি ইউনিট পরীক্ষা করে মাপ সঠিক দেখতে পান। এতে আদালত সন্তুষ্ট হয়ে প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। আদালত এর অদূরেই টেকনিক্যাল গাবতলী রোডে মোহনা ফিলিং স্টেশনে অভিযান চালান। আদালত উপস্থিত হওয়ার পর সেখানে কর্মরত তেল সরবরাহকারী কর্মচারী নাসিরউদ্দিনের সামনে এক ব্যক্তি তেল সরবরাহ যন্ত্রের (ডিসপেনসিভ ইউনিট) চাবি দ্রুত ঘুরিয়ে সেখান থেকে কেটে পড়েন। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেখে ফেলেন। আদালত নাসিরউদ্দিনের কাছে ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে নাসির তাঁকে চেনেন না বলে জানান। নাসির আদালতকে জানান, তিনি ২৫-২৬ দিন হলো এখানে কর্মরত আছেন। এ ব্যাপারে আদালত এই পাম্পের অন্য এক কর্মচারীকে জিজ্ঞেস করে জানতে পারেন, নাসির প্রায় পাঁচ-ছয় বছর থেকে এখানে কাজ করছেন। আদালতকে মিথ্যা তথ্য দেওয়া ও অসহযোগিতা করার অপরাধে দণ্ডবিধির ১৮৭ ধারায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিএসটিআইয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জ্বালানি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট তেল কোম্পানি, পেট্রলপাম্প সমিতি, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব ও বিএসটিআইয়ের একজন প্রতিনিধির উপস্থিতিতে যন্ত্রের গতি নিয়ন্ত্রণ করে সিলগালা করে দেওয়া হয়েছে। একই আদালত রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদদিয়া হাউজিং সোসাইটির ৬ নম্বর সড়কের হক ব্রেড অ্যান্ড ফুড প্রোডাক্টসের কারখানায় অভিযান চালান। এখানে দই ও মিষ্টির জন্য বিএসটিআইয়ের অনুমোদনবিহীন ননিবিহীন গুঁড়ো দুধ ব্যবহার, সবজি রোল তৈরিতে রান্না করা সবজিতে সোডিয়াম বেনজয়েট নামের নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং তৈরি করা খাবার উন্মুক্ত। এ জন্য আদালত দুই লাখ টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নাওশাদ হোসেন আদালতকে বলেন, দই তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদনের বিষয়টি তাঁদের জানা ছিল না। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই তৈরি, তৈরি করা খাবার ঢেকে না রাখা, খাবারে নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। গতকাল অভিযানে বিএসটিআইয়ের ছয়জন কর্মকর্তা, র‌্যাব-২ ও মহানগর দাঙ্গাপুলিশের একটি দল অংশ নেয়।