পোস্তগোলায় পার্ক ও সেতুতে অটোরিকশা-বাসস্ট্যান্ড, চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোস্তগোলা সেতুর ওপর অটোরিকশার অবৈধ স্ট্যান্ড l ছবি: প্রথম আলো
পোস্তগোলা সেতুর ওপর অটোরিকশার অবৈধ স্ট্যান্ড l ছবি: প্রথম আলো

পোস্তগোলা সেতুর ওপর অবৈধভাবে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। স্থানীয় লোকজনের অভিযোগ, এই স্ট্যান্ডের ফলে সেতুতে যানজটের সৃষ্টি হচ্ছে। কিন্তু এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সেতুর দুপাশ-ঘেঁষা চারটি পার্ক দখল করেও অবৈধভাবে গড়ে উঠেছে বাস ও লেগুনা স্ট্যান্ড, দোকানপাট, পরিবহন শ্রমিক এবং রাজনৈতিক দলের কার্যালয়। ফলে বর্তমানে পার্কের অস্তিত্ব বলতে কিছুই নেই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর ওপর সিএনজি অটো স্ট্যান্ড ও পার্কগুলোতে লেগুনা এবং বাসস্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কতিপয় স্থানীয় নেতা-কর্মী। এতে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বাসিন্দারা। ওই সেতু ও পার্কগুলো মুন্সিগঞ্জ সড়ক বিভাগের (সওজ) অধীনে। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বুড়িগঙ্গা সেতুর টোল কক্ষের সামনে রয়েছে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড। এসব অটোতে যাত্রীরা ওঠানামা করছে। এতে সেতুতে যান চলাচল বাধাগ্রস্ত ও যানজটের সৃষ্টি হচ্ছে।

পোস্তগোলা সেতুতে যানজটে আটকে ছিলেন ইলিশ পরিবহনের (মাওয়া-যাত্রাবাড়ী) যাত্রী খলিলুর রহমান। তিনি বলেন, তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরে। মাসে চার থেকে পাঁচবার এই পথে যাতায়াত করেন। প্রত্যেকবারই এই সেতুতে যানজটে পড়তে হয়। সিএনজি অটোচালক মাহিন মোল্লা বলেন, পোস্তগোলা থেকে হাসনাবাদ বাসস্ট্যান্ড পর্যন্ত তাঁদের অটো চলাচল করে। এ জন্য দিনে আওয়ামী লীগের স্থানীয় নেতা ও পুলিশকে ৫০ টাকা করে চাঁদা দিতে হয়।

দেখা যায়, পোস্তগোলার সোবহান নার্সিং হোম অ্যান্ড প্যাথলজি সেন্টারের সামনে থেকে এমসি রোড পর্যন্ত ঢাকা-মাওয়া সড়ক ও ওই সেতুর দুপাশে পৃথকভাবে আছে চারটি পার্ক। এর মধ্যে দক্ষিণ পাশের দুটি বড় পার্কে রাখা আছে অর্ধশতাধিক লেগুনা ও সালসাবিল পরিবহনের যাত্রীবাহী বাস। সেতুর পূর্ব পাশে ছোট পার্কটিতে আছে জাতীয় শ্রমিক পার্টির শ্যামপুর থানা কার্যালয়, বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের কদমতলী থানার প্রধান কার্যালয়, ঢাকা বিভাগ শ্রমিক লীগের কদমতলী শাখা, পোস্তগোলা-বউ বাজার জিপ মালিক শ্রমিক সমিতির কার্যালয় ও পশ্চিম পাশে পোস্তগোলা মিনি ট্রাকস্ট্যান্ড আঞ্চলিক কার্যালয়। উত্তর পাশে ছোট পার্কে রয়েছে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের শ্যামপুর থানার প্রধান কার্যালয়। কিন্তু কার্যালয়গুলোতে সংগঠনের নেতাদের পাওয়া যায়নি। এ ছাড়া ওই সেতু-সংলগ্ন এমসি রোডের পশ্চিম পাশে রয়েছে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের (সওজ) আঞ্চলিক দপ্তর। সরকারি ছুটির দিন থাকায় এখানেও কাউকে পাওয়া যায়নি।

সালসাবিল পরিবহনের ছয়জন চালক বলেন, স্ট্যান্ডে বাস রাখার বিনিময়ে ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী মুফতি, সাধারণ সম্পাদক শরিফ মোহাম্মদ আলমগীর, ঢাকা মহানগর মোটর চালক লীগের নেতা আদম আলী ও শ্যামপুর থানা-পুলিশকে চাঁদা দিতে হয়। এভাবে অন্যান্য পরিবহন থেকেও চাঁদা তোলা হয়। চাঁদাবািজর অভিযোগ অস্বীকার করেন লিয়াকত আলী মুফতি ও শরিফ মোহাম্মদ আলমগীর। তাঁরা বলেন, এই চাঁদাবাজির সঙ্গে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও কিছু পুলিশ জড়িত৷

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, তাঁর থানা-পুলিশের কেউ এই চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়।