পোড়া বস্তিবাসীদের উচ্ছেদের পরিণতি সরকারকেই নিতে হবে: বিবৃতি
কল্যাণপুরে উন্নয়নের নামে পোড়া বস্তিবাসীদের উচ্ছেদের পরিণতি সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। গতকাল সোমবার ওই বস্তিবাসীদের উচ্ছেদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তাঁরা।
বিবৃতিতে তাঁরা বলেন, প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন কারণে সব হারিয়ে গ্রামের গরিব মানুষেরা জীবিকার প্রয়োজনে ঢাকায় এসে বস্তিতে আশ্রয় নিয়েছেন। তাঁরাই শহরকে সচল রেখেছেন এবং গার্মেন্টস ও পরিবহনসহ অন্যান্য শিল্পকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু স্থানীয় সাংসদের লোকেরা বারবার কল্যাণপুরের এই বস্তিকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত বৃহস্পতিবার পুলিশ, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ কর্তৃপক্ষের সঙ্গে এই সাংসদের লোকজন উচ্ছেদ অভিযানে অংশ নেয়। দুপুর সাড়ে ১২টায় দেওয়া হাইকোর্টের নির্দেশকে অমান্য করে বিকেল পাঁচটা পর্যন্ত উচ্ছেদ করা হয়। পরদিন সকালে বস্তিতে আগুন দিয়ে তারা তা আংশিক পুড়িয়ে দেয়। বস্তির জায়গায় বহুতল ভবন বানানোর জন্যই বারবার পুড়িয়ে দেওয়া হচ্ছে এই বস্তি। ধনিক গোষ্ঠীর স্বার্থে গরিব মানুষদের উচ্ছেদের পরিণতি ভালো হবে না। বিজ্ঞপ্তি