পোড়া বস্তির পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি
উচ্ছেদ ও আগুনে ক্ষতিগ্রস্ত রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তির প্রতিটি পরিবারকে নগদ তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধেরও দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকা সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী বাস্তুহারা জনগণের স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা না করে সরকার তাদের উচ্ছেদে নেমেছে। সরকার একদিকে উন্নয়নের কথা বলে, কিন্তু এই উন্নয়ন গরিব-মেহনতি মানুষের জন্য নয়। কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদে সরকার-প্রশাসনের ভূমিকা থেকে তা বোঝা যায়।
সংগঠনের নেতারা বলেন, গত ২১ জানুয়ারি যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কল্যাণপুর বস্তির ১১৫৩টি ঘর গুঁড়িয়ে দিয়ে ও ২২ জানুয়ারি ১৪৭টি ঘরে আগুন দিয়ে পোড়ানো হয়। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ তিন লাখ টাকা দিতে হবে। পাশাপাশি আহত ব্যক্তিদের প্রত্যেককে উপযুক্ত চিকিৎসার জন্য সাহায্য দিতে হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমিতে গড়ে ওঠা কল্যাণপুর পোড়া বস্তি ২১ জানুয়ারি উচ্ছেদ করতে যায় কর্তৃপক্ষ। বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ওই বস্তির বাসিন্দাদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে আংশিক উচ্ছেদ অভিযান চালানো হয়। ওই দিন দুপুরে হাইকোর্ট ওই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়ার পর ফিরে যায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
পরের দিন ২২ জানুয়ারি সকালে কল্যাণপুর পোড়া বস্তির ৮ নম্বর অংশে আগুন লাগে। এতে বেশ কয়েকটি ঘর ও দোকান পুড়ে যায়। বস্তিবাসী অভিযোগ করেছিলেন, বস্তি উচ্ছেদ করতে ব্যর্থ হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হয়েছে।
গতকালের সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ফয়জুল হাকিম, ঢাকা অঞ্চলের সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে কল্যাণপুর পোড়া বস্তির কয়েক শ বাসিন্দা অংশ নেন।