পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীদের পক্ষে কাজ করবে স্বাচিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম এ আজিজ। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগপন্থী সংগঠনটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।
তোপখানার বিএমএ ভবনে আয়োজিত সম্মেলনে উপস্থিত কয়েক শ চিকিৎসককে উদ্দেশ করে এম এ আজিজ বলেন, ‘আপনাদের আমি একটি বার্তা দিতে চাই। সব শাখা কমিটিকে বলব, আপনারা পৌরসভা নির্বাচনে আমাদের দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন।’ তবে শাখা কমিটিগুলো ঠিক কীভাবে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করবে, সে সম্পর্কে ব্যাখ্যা দেননি তিনি। পরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শাখা কমিটিগুলোকে দুই দিন আগেই মুঠোফোনে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করতে বলেছি।’ সরকারি চাকরিতে থেকে চিকিৎসকেরা কীভাবে নির্বাচনী প্রচারে অংশ নেবেন—জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের সুযোগ বেশি। এই সুযোগটাকে তাঁরা কাজে লাগাতে পারেন।
এদিকে সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, বিজয়ের মাসে সমগ্র দেশ জাতির জনককে শ্রদ্ধাভরে স্মরণ করছে। খালেদা জিয়া স্মরণ করছেন পাকিস্তানিদের। শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া তাঁর সেক্টর কমান্ডার স্বামী জিয়াউর রহমানকে ‘ডুবিয়ে’ দিয়েছেন বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।