পোলট্রিশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত ‘পুষ্টিচাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে পোলট্রিশিল্প’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা l ছবি: প্রথম আলো
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত ‘পুষ্টিচাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে পোলট্রিশিল্প’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা l ছবি: প্রথম আলো

আমিষের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখে পোলট্রিশিল্প। পাশাপাশি এ শিল্পের সঙ্গে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডও জড়িত। এ খাতে দেশে বিনিয়োগ হয়েছে ২৫ হাজার কোটি টাকা। কর্মসংস্থান হয়েছে ৭০ লাখ মানুষের। এ শিল্পের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
সে কারণে নিয়ম মেনে পোলট্রিশিল্প গড়ে তুলতে হবে। এ শিল্পের মান বাড়াতে হবে। বিশেষ করে জনগণ যেন নিরাপদ পোলট্রিপণ্য (মুরগি ও ডিম) পায়, তা নিশ্চিত করতে হবে।
‘পুষ্টিচাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে পোলট্রিশিল্প’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব কার্যালয়ে গতকাল বুধবার এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো। এতে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএসএ) বাংলাদেশ শাখা। সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
সভার অতিথি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় বলেন, নতুন করে যেসব খামার করা হচ্ছে, তাদের অবশ্যই জৈবনিরাপত্তা (বায়োসিকিউরিটি) নিশ্চিত করতে হবে। নইলে খামার করা যাবে না। তিনি বলেন, পশুখাদ্যে বিষাক্ত কোনো উপাদান ব্যবহার করা যাবে না। অধিদপ্তর গত দুই মাসে পশুখাদ্যের ৩১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। এর মধ্যে মাত্র তিনটিতে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। সেসব প্রতিষ্ঠানের পশুখাদ্য ধ্বংস করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার (এফএও) জ্যেষ্ঠ উপদেষ্টা আবদুস সাত্তার মণ্ডল বলেন, ২০১০ সালের আগে দেশে দেড় লাখ খামারি ছিলেন। এর মধ্যে অর্ধেকই ক্ষুদ্র খামারি। তাঁদের কেউ কেউ নিম্নমানের পশুখাদ্য ব্যবহার করে থাকতে পারেন। কারণ এর দাম কম, সহজলভ্যও।
সাত্তার মণ্ডল বলেন, পোলট্রি খাতের খরচের ৬৫ শতাংশ যায় পশুখাদ্যে। এই খাদ্য তৈরিতে যত ভুট্টা লাগে, তার ৪০ শতাংশই এখন দেশে উৎপাদিত হচ্ছে। ফলে পশুখাদ্যের দাম কমানো উচিত। এতে খামারিরা নিম্নমানের পশুখাদ্য কিনবে না।
ডব্লিউপিএসএর বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমান বলেন, আশির দশকে দেশে পোলট্রি খাতে বিনিয়োগের পরিমাণ ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা। বর্তমানে তা দাঁড়িয়েছে ২৫ হাজার কোটি টাকায়। ২০২০ সালে এর পরিমাণ ৫০ হাজার কোটি টাকায় নিয়ে যেতে চান তাঁরা। তাঁদের আশা, ওই সময় দেশে পোলট্রিপণ্যের ভোক্তার পরিমাণও দ্বিগুণ হবে। আর কর্মসংস্থান হবে অন্তত এক কোটি মানুষের।
সম্প্রতি ট্যানারি বর্জ্য দিয়ে পশুখাদ্য তৈরির অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে মশিউর রহমান বলেন, ‘দেশের ৯৯ শতাংশ পশুখাদ্যে কোনো ট্যানারির বর্জ্য ব্যবহার করা হয় না। গুটি কয়েক প্রতিষ্ঠান ওই বর্জ্য দিয়ে পশুখাদ্য তৈরি করে। তাদের কারণে পুরো শিল্পই আক্রান্ত হচ্ছে। তাই ট্যানারি বর্জ্য যেন বাইরে না যায় এবং ওই বর্জ্য যেন সেখানেই ধ্বংস করা হয় সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে হবে। তাহলে জনগণের আশঙ্কা দূর হবে।’ তিনি জানান, নিবন্ধন ছাড়া পোলট্রি খাতের কোনো প্রতিষ্ঠান থাকবে না, সেটা তাঁরাও চান। তবে এ জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।
সংগঠনের সহসভাপতি আবু লুৎফে ফজলে রহিম খান বলেন, গত বছর বিশ্ববাজারে ৭৪ হাজার কোটি ডলারের মাছ ও পোলট্রিপণ্য রপ্তানি হয়েছে। শুধু মুরগিই রপ্তানি হয়েছে ১১ কোটি টন। এই বিশাল বাজার ধরতে পারে দেশীয় পোলট্রিশিল্পের উদ্যোক্তারা। এ জন্য ব্রয়লার খাতকে আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন সাম্প্রতিক জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন, দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৪০ শতাংশেরই বয়সের তুলনায় ওজন কম। আর ৩৬ শতাংশের উচ্চতা কম। শিশুদের পর্যাপ্ত পরিমাণে আমিষ না দেওয়া হলে এমনটা হতে পারে। এ ক্ষেত্রে প্রাণিজ আমিষের ভালো উৎস হচ্ছে ডিম ও মুরগি। তবে এসব উৎপাদনে যেন বিষাক্ত কিছু ব্যবহার করা না হয়, সেদিকে পোলট্রিশিল্প উদ্যোক্তাদের লক্ষ রাখতে হবে।
নাজমা শাহীন বলেন, বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ট্যানারি বর্জ্য বাইরে আসছে। ছোট পশুখাদ্য প্রস্তুতকারী কিছু প্রতিষ্ঠান বেশি লাভের আশায় তা ব্যবহার করছে। তাই এসব ট্যানারি বর্জ্য কোনোভাবেই বাইরে যেতে দেওয়া উচিত না।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘বাজারে নিয়ে যাওয়ার সাত দিন আগে মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো বন্ধ করতে হয়। কিন্তু গ্রামের খামারিরা তা জানেন না। তাঁরা বাজারে নিয়ে যাওয়ার আগেও অ্যান্টিবায়োটিক খাওয়ান। ফলে মুরগির সঙ্গে হয়তো আমরা অ্যান্টিবায়োটিকও খাচ্ছি।’
এনভয় গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি কুতুব উদ্দিন বলেন, ‘আমরা যদি পোলট্রি থেকে পোলট্রি ফুডে না যাই তাহলে এসব পণ্য রপ্তানি করা কঠিন হবে। প্রক্রিয়া করা খাদ্যের বাজার ক্রমেই বাড়ছে। মধ্যপ্রাচ্যেই ৬০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। তাঁদের টার্গেট করলেই রপ্তানি অনেক বেড়ে যাবে।’
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, পোলট্রিশিল্প উদ্যোক্তাদের এখন চুক্তিভিত্তিক খামার ব্যবস্থায় যেতে হবে। একই সঙ্গে মান-সনদের ব্যবস্থা করা যায় কি না, তা-ও ভাবতে হবে। এসব করতে পারলে ভোক্তারা মান সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রহমান বলেন, গণমাধ্যম যেন এমন চিত্র তৈরি না করে যাতে একটি শিল্প সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, পশুখাদ্যের একটি মানদণ্ড থাকা উচিত। এ ক্ষেত্রে সনদের ব্যবহার থাকা উচিত। যেন সব পশুখাদ্যই একই মানের হয়। সময়সীমা বেঁধে দিয়ে এ লক্ষ্যে কাজ করা প্রয়োজন।
ডব্লিউপিএসএর বাংলাদেশ শাখার সম্পাদক রফিকুল হক বলেন, ‘জীবাণুমুক্ত নিরাপদ পশুখাদ্য দিলে মুরগির উৎপাদনও ভালো হয়। নিজেদের ব্যবসার স্বার্থেই আমরা এটা নিশ্চিত করতে পারি।’
সংগঠনের সহসভাপতি সাইদুর রহমান বলেন, ‘পোলট্রি কৃষি খাতের অধীন হলেও আমরা ৫ শতাংশ সুদে ঋণ পাই না। আমাদেরও এ সুযোগ দেওয়া উচিত। বিদেশি কোম্পানিগুলো বিদেশ থেকে ৩ শতাংশ সুদে ঋণ এনে এ দেশে বিনিয়োগ করছে। আমাদের বিনিয়োগ করতে হচ্ছে ১৬ শতাংশ সুদে ঋণ এনে। আমরা তাদের সঙ্গে পারব কীভাবে?’
সংগঠনের কোষাধ্যক্ষ এম নজরুল ইসলামের দাবি, গরুর মাংসের (রেড মিট) চেয়ে এখন মুরগির মাংস (হোয়াইট মিট) বেশি জনপ্রিয় হচ্ছে।
চিকিৎসক এম এ রশিদ বলেন, আমিষের অভাব হলেই মানুষ অপুষ্টিতে ভোগে। প্রতিদিন একজন মানুষের ৬০ থেকে ১০০ গ্রাম আমিষ দরকার। ডিম ও মুরগি থেকে সহজেই তা পাওয়া সম্ভব।