তৈরি পোশাকশিল্পে অস্থিরতা দূর করতে ট্রেড ইউনিয়নের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে শ্রমিকদের জাতীয় সম্মেলনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সম্মেলনে শ্রমিক নেতারা আবারও পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক বলেন, শ্রমিকেরা কম মজুরির কারণে বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না। এখনই ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ধরে নতুন মজুরি কাঠামো করতে হবে। সম্মেলনের সভাপতি ও জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এম দেলোয়ার হোসেন বলেন, পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন করার সুযোগ না থাকায় শ্রমিকেরা দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে যাচ্ছেন। মালিকদের সঙ্গে শ্রমিক-কর্মচারীরা যাতে তাঁদের মজুরি ও অন্য দাবি-দাওয়া নিয়ে কথা বলতে পারেন, সে জন্যই ট্রেড ইউনিয়ন দরকার।সম্মেলনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খানসহ অন্য শ্রমিক নেতারা বক্তব্য দেন।