পোশাককর্মীদের নিরাপত্তা নিয়ে মানবাধিকার কমিশনের উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে শতাধিক কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি কর্মীদের জীবন ও নিরাপত্তা নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল সোমবার কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।কমিশন মনে করে, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট হতদরিদ্র মানুষের জীবন ও নিরাপত্তা কিছুতেই উপেক্ষিত হতে পারে না। কমিশন বলেছে, প্রতিটি কর্মীর জন্য নিরাপদ ও মানসম্মত কাজের পরিবেশ তৈরি করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অপরিহার্য দায়িত্ব। কর্মীস্থলের নাজুক নিরাপত্তার কারণে কোনো কর্মীর জান-মালের ক্ষয়ক্ষতি হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকপক্ষ কিছুতেই এড়াতে পারে না।তাজরীন ফ্যাশনসহ বিভিন্ন শিল্প কারখানায় এযাবৎ যেসব অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, সেসব কারখানায় অগ্নিনির্বাপণব্যবস্থাসহ দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে কমিশন।ভবিষ্যতে যেকোনো ধরনের দুর্ঘটনা রোধে কমিশন যথাযথ পদক্ষেপ নেবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।