পোশাকশিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৬ সালের নির্ধারিত ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ টাকা দিয়ে বর্তমান প্রেক্ষাপটে কোনো শ্রমিকের পক্ষে পরিবার-পরিজন নিয়ে পুরো মাস চলা কোনোভাবেই সম্ভব নয়, তাই মজুরি বাড়ানো প্রয়োজন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক তৌহিদুর রহমান। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা আক্তার, রোকেয়া সুলতানা, মামতাজ উদ্দিন, তাহমিনা রহমান, এম শাহাদাত্ হোসেন প্রমুখ।সংবাদ সম্মেলনে শ্রম আইন-২০০৯ সংশোধনীর ধারা ৩০৬ ও ৩০৭ (শাস্তির কারাদণ্ডের বিধান বাতিল করে অর্থদণ্ড দেওয়া) অবিলম্বে বাতিল করা, শিল্পাঞ্চল পুলিশ বাহিনী গঠনের পদক্ষেপ বাতিল, আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ৮৭ অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠনকারী শ্রমিকদের সংঘবদ্ধ হওয়ার বিষয়টিকে সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।