ঢাকার জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছেন পোশাকশিল্প কারখানায় নিয়োজিত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। কেননা, একটি ভবনে একসঙ্গে বহু শ্রমিক কাজ করেন এবং তাঁরা জানেন না, ভূমিকম্প হলে কী করতে হবে।গতকাল রোববার তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিরা এ কথা বলেন। ‘পোশাকশিল্প কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালাটি বিজিএমইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ভূমিকম্পে জীবন বাঁচানো ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর লক্ষ্যে ইতিমধ্যে ৭০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির কাজ চলছে।বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে; কিন্তু মূল্যস্ফীতি ঘটলে শ্রমিকেরা সুফল পাবেন না। শ্রমিকেরা যেন সারা বছর ন্যায্যমূল্যে চাল, ডাল, আটা, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে জন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।কর্মশালায় আরও বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আবু নাইম মো. শহীদুল্লাহ, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকির, বেসরকারি প্রতিষ্ঠান অ্যাকশন এইডের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক আসগর আলী সাবরী, পিএসটিসির নির্বাহী পরিচালক মিলন বিকাশ পাল প্রমুখ। বিজ্ঞপ্তি।