পোশাকশিল্পে বেতন-বোনাস নিয়ে বিশৃঙ্খলায় ব্যবস্থা নেবে পুলিশ
বেতন-বোনাসের দাবিতে তৈরি পোশাকশিল্পে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সভায় সিদ্ধান্ত হয়, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব সতর্ক অবস্থায় থাকবে। ঈদ সামনে রেখে সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধ, ঘরমুখো মানুষ ও মার্কেটের নিরাপত্তায় পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হবে।গতকাল পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত এ সভায় পুলিশের নতুন মহাপরিদর্শক হাসান মাহমুদ সভাপতিত্ব করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী, সড়কপথে যানজট নিরসনে পর্যাপ্ত পুলিশ থাকবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশও যাবহান নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা গাড়ি বিকল হয়ে গেলে তা দ্রুত অপসারণের ব্যবস্থা করা হবে। তা ছাড়া নৌপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নদীতে নৌকা দিয়ে যাত্রী তোলা না হয়, সে বিষয়টি র্যাব ও পুলিশ পর্যবেক্ষণ করবে।সভায় ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে গার্মেন্টস মালিক, বিজিএমইএ ও বিকেএমইএকে অনুরোধ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, গার্মেন্টস এলাকায় পুলিশ ও র্যাবের টহল এবং গোয়েন্দা নজরদারি থাকবে।সভায় অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ) শামছুদ্দোহা খন্দকার, অতিরিক্ত মহাপরিদর্শক (ট্রেনিং) মুহাম্মদ আমিনুল ইসলাম, বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান, উপমহাপরিদর্শক (প্রশাসন) বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।