পোশাক খাতে উল্লেখযোগ্য হারে রপ্তানি আয় বাড়লেও শ্রমিকের মজুরি বাড়েনি। উল্টো বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকদের খাদ্যতালিকা কাটছাঁট হয়েছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকেরা।
আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে ‘দ্রব্যমূল্য, শ্রমিকের জীবন ও মজুরি প্রশ্ন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনায় গার্মেন্টস শ্রমিক সংহতির সভার প্রধান তাসলিমা আখতার মূল প্রবন্ধ পাঠ করেন। এ সময় তিনি বর্তমান বাজারে শ্রমিকের অবস্থান তুলে ধরে বলেন, ভালো মানের চাল, সবজি, মাছ, মাংস কখনোই শ্রমিকের আওতায় থাকে না। দাম বেশি হওয়ায় আমিষজাতীয় খাবার কম খেতে পান শ্রমিকেরা। শর্করাজাতীয় খাবারের ওপরই তাঁরা নির্ভর করে বেশি। কিন্তু আটা, ময়দা, চালের দাম বেড়ে যাওয়ায় সেই শর্করাজাতীয় খাবারের পরিমাণও কমাতে হচ্ছে তাঁদের। ডিম, দুধ, মাখন, ফল, ভালো মাছ, মাংস শ্রমিকের খাবারের তালিকায় নিয়মিত হওয়ার সুযোগ নেই। শ্রমিকের শরীরে পুষ্টিঘাটতি থেকেই যাচ্ছে। নারী শ্রমিকেরা এতে আরও বেশি ভুগছেন।
সরকার সর্বশেষ যে মজুরি ২০১৮ সালে আট হাজার টাকা করে দিয়েছিল, তা অনেক মালিকই মানেন না। এ ছাড়া সবকিছুর দাম বেড়েছে, আগের মজুরি দিয়ে এখন জীবনধারণ সম্ভব নয় বলে দাবি করেন বক্তারা।
আলোচনা সভায় জানানো হয়, সাম্প্রতিক সময়ে পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে। এ নিয়ে নানা প্রচারও হচ্ছে। তবে পোশাকশিল্পের এ সুবাতাস শুধু মালিকদের জন্য, শ্রমিকদের এতে কোনো লাভ হয়নি।
নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনা, আন্দোলনকারী শ্রমিকদের মামলা ও গ্রেপ্তার বন্ধ করা, মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করাসহ গার্মেন্টস শ্রমিক সংহতির পক্ষ থেকে বেশ কিছু দাবি জানানো হয়।
সভায় অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশে মজুরি সর্বনিম্ন। উন্নয়ন আর জিডিপির প্রচারের কারণে শ্রমিকও ঘোরের মধ্যে থাকেন। দেশে কোনো জাতীয় ন্যূনতম মজুরি নেই। এটা থাকতে হবে। শিল্প পুলিশ সম্পর্কে তিনি বলেন, এই পুলিশ শ্রমিকের কোনো কল্যাণে আসে না। তারা মালিকদের পক্ষে রাষ্ট্রপ্রদত্ত বাহিনী।
শ্রমিকদের দাবিদাওয়া ও নতুন মজুরি বোর্ড গঠনে সব শ্রমিক সংগঠনকে এক হয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আনু মুহাম্মদ।
দ্রব্যের মূল্যবৃদ্ধির এ সময়ে শ্রমিকদের সহায়তা দেওয়ার কথা ভাবার আহ্বান জানান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, সব ধরনের শ্রমিকের মজুরি বৃদ্ধি করার সময় হয়েছে।
সামনে ঈদ আসছে, কোনো শ্রমিকের বেতন যেন বাকি না থাকে। পাওনা মিটিয়ে দেওয়ার বিষয়ে সরকার যেন নিশ্চিত করে। শ্রকিদের যেন রাস্তায় না নামতে হয়।
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ বলেন, নতুন মজুরি বোর্ড গঠন না করে সরকার নিজেই আইন ভাঙছে। আন্দোলন-সংগ্রাম ছাড়া এ মজুরি বৃদ্ধি হবে না।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষক মাহিন সুলতানা, জনস্বাস্থ্যবিদ তৌফিক জোয়ারদার, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহমুদুর রহমান ইসমাইল প্রমুখ।