ন্যূনতম মজুরি নিয়ে তৈরি পোশাকশিল্পে সৃষ্ট জটিলতায় বিভিন্ন সংগঠন মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকার স্থলে অন্তত পাঁচ হাজার টাকা করার দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। অন্যদিকে শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান ও সরকারকে দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন।গতকাল শনিবার বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন আলাদা বিবৃতিতে তাদের মতামত তুলে ধরে।গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় গণফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক সংহতি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন সংগঠন শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে।গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষের মুক্তি, মামলা প্রত্যাহার ও ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা পুনর্বিবেচনার দাবিতে গতকাল মুক্তাঙ্গনে সমাবেশ করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম ও সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।ওয়ার্কার্স পার্টির নেতাদের সঙ্গে গতকাল মতবিনিময় সভা করে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা সমন্বয় কমিটি।