পোশাকশ্রমিকদের নতুন শ্রম আইন বাতিলের দাবি
জাতীয় সংসদে পাস হওয়া শ্রম সংশোধন আইন, ০৯ বাতিলের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।নতুন সংশোধিত এ আইনে মূল শ্রম আইন, ২০০৬-এর ৩০৬ ও ৩০৭ নম্বর ধারাটি পরিবর্তন করা হয়েছে। এর আগে আইনের এই দুটি ধারায় শ্রম আইন লঙ্ঘনের অপরাধে ছয় মাস ও তিন মাসের কারাদণ্ডের বিধান ছিল। নতুন সংশোধিত আইনে ছয় মাস কারাদণ্ডের বিধান কমিয়ে তিন মাস এবং তিন মাসের কারাদণ্ড রহিত করে পাঁচ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।গতকাল নতুন এই সংশোধিত শ্রম আইনকে শ্রমিক ও শিল্পের স্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে এ আইন বাতিলের দাবি জানান শ্রমিক নেতারা। মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, এর ফলে ধনাঢ্য মালিকেরা আইন লঙ্ঘনে আরও উত্সাহিত হবেন। এ আইনে শ্রমিকের স্বার্থ ক্ষুণ্ন করে শুধু মালিকের স্বার্থ রক্ষার বিষয় চিন্তা করা হয়েছে। তাই শ্রমিকসমাজ এ আইন প্রত্যাখ্যান করেছে।জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভিন, মোহাম্মদ ফারুখ খান, নুরুন্নাহার, সুলতানা আক্তারপ্রমুখ বক্তব্য দেন।সমাবেশে বক্তারা আরও বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারসহ বিভিন্ন বিষয়ে প্রশংসা অর্জন করেছে। কিন্তু এই শ্রম আইন শ্রমিকদের কাছে সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।