পোশাকশ্রমিকদের নিরাপত্তা ও ট্রেড ইউনিয়ন নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পে স্থিতিশীলতা বজায় রাখতে হলে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের চাকরি ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা, স্থায়ী মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে।গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গার্মেন্ট শ্রমিক হত্যাকাণ্ড, শিল্পের পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা এ কথা বলেন। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এই আলোচনার আয়োজন করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, দেশে শ্রমিকদের লাশ নিয়ে ব্যবসা হচ্ছে। রানা প্লাজায় হতাহতসহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কত টাকা উঠেছে, কত টাকা তাঁদের জন্য খরচ করা হচ্ছে এবং তাজরীনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কত টাকা দেওয়া হয়েছে, তা ওয়েবসাইটে প্রকাশ করতে তিনি সরকারের কাছে দাবি জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, শ্রমিকদের ক্ষতিপূরণ কত হবে, তা ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। কারখানাগুলোর ঝুঁকি ও ঝুঁকির মাত্রা নির্ধারণে কমিটি গঠন করতে হবে। তিনি বলেন, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের মুনাফার ৫ শতাংশ দিয়ে তহবিল গঠন করা যেতে পারে। এই তহবিল থেকে শ্রমিকদের ক্ষতিপূরণও দেওয়া যাবে।তাজরীন ও রানা প্লাজার হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি; নিহত, আহত, পঙ্গু শ্রমিকসহ সব শ্রমিকের নামের তালিকা প্রকাশ; ঝুঁকিপূর্ণ কারখানা শনাক্ত করে স্থানান্তর করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার পাঁচ দফা দাবি জানানো হয়। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, নারীনেত্রী খুশী কবির, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা রাজেকুজ্জামান রতন।