পোশাকশ্রমিকদের ভাগ্যে ঈদের পোশাক কই
অন্যের জন্য বাহারি পোশাক তৈরি করলেও নিজের জন্য সেটা কেনার সামর্থ্য নেই। তবুও ঈদ বলে কথা। দুপুরে এক ঘণ্টার বিরতিতে কিংবা সন্ধ্যায় কারখানা থেকে ফেরার পথে ফুটপাতে বা সস্তা পোশাকের দোকানগুলোয় ঢুঁ মারেন। দাম-দর করেন, নিজের বা স্বজনদের জন্য কিছু একটা কেনা যায় কি না।তাঁরা সবাই পোশাকশ্রমিক। দুপুর-বিকেল-রাতে ভিড় করছেন গুলিস্তান, নিউমাকের্ট, চাঁদনী চক কিংবা মৌচাক মার্কেটের সামনের ফুটপাতের দোকানগুলোয়। স্বজনদের জন্য জামা-জুতা-টুপি সাধ্য অনুযায়ী কিনছেন। আবার অনেকে সাধ আর সাধ্যের সমন্বয় ঘটাতে না পেরে মন খারাপ করে ফিরেছেন।চাঁদনী চকে ফুটপাতে চৌকির ওপর স্তূপ করে রাখা টি-শার্ট থেকে ভাইয়ের জন্য বাছাই করছিলেন তৈরি পোশাকশ্রমিক সুমি। একটা পছন্দ হলো, কিন্তু দামে বনে না। বিক্রেতার এক কথা, ‘দাম দেড়শ টাকা। নিলে নেন। না হলে পথ দেখেন।’ আরও কয়েকটি দোকানে দাম-দর করে সাধ্যের মধ্যে কিছু না পেয়ে সুমি চোখে পানি নিয়ে ফিরে যাচ্ছিলেন। আগে থেকেই তাঁকে খেয়াল করছিলেন পাশের বয়স্ক এক বিক্রেতা। তিনি সুমিকে ডেকে ১০০ টাকায় একটি হাফ-হাতা শার্ট গছিয়ে দিলেন।এই বিক্রেতার নাম মো. ইসমাইল। তিনি জানালেন, তাঁরও একটি মেয়ে আছে সুমির বয়সী। সে-ও তৈরি পোশাকশ্রমিক। ইসমাইল বলেন, ‘মাইয়ার বয়সী আরেক মাইয়ার চোখের পানি মুছাইতে না পারলে আমার ঈদ হইব কেমনে?’ পোশাককর্মী হালিমা কীভাবে বাড়ি যাবেন, সেটাই ভেবে পাচ্ছেন না। কেনাকাটা তো দূরের কথা, টিকিট কাটার টাকাও নেই। হাতে যে কয় টাকা ছিল, তা দিয়ে রোজার মাসের খরচ টেনেটুনে চলছে। অন্য কিছু কেনার সাধ্য নেই, একটা টিউব মেহেদী কেনার চেষ্টা করবেন বলে জানালেন হালিমা। নিউমার্কেটে টুপির দোকানে দরদাম করছিলেন টেক্সটাইল মিলের শ্রমিক জোছনা আক্তার। তিনি জানান, এখনো বেতন পাননি। জমানো ৮০০ টাকা নিয়ে বাবা-মা-ভাইয়ের জন্য নতুন কাপড় কিনতে এসেছেন। ৩৫০ টাকা দিয়ে মায়ের জন্য শাড়ি, আর বাবার জন্য ১৫০ টাকায় লুঙ্গি কিনেছেন। সমস্যা হয়েছে ছোট ভাইয়ের জিনস প্যান্ট কিনতে এসে। পছন্দসই প্যান্টের কোনোটার দাম ৭৫০ টাকার নিচে নয়।তৈরিপোশাক কারখানার মেশিন অপারেটর নাজমুল করিম বললেন, মাস শেষে যে টাকা বেতন পান, তা দিয়ে থাকা-খাওয়া খরচের পর হাতে আর কিছু থাকে না। কিন্তু পরিবারের সদস্যরা তো ঈদ উপলক্ষে আশা নিয়ে অপেক্ষা করছেন। কী করবেন ভেবে পাচ্ছেন না তিনি।নাজমুলের কথা শেষ না হতেই আরেক পোশাকশ্রমিক রোজী বললেন, ‘এ দিনটা যে কেন আসে? এত খরচ আমাগো পোষায় না। ঈদ হইছে বড়লোকদের জন্য। মালিকে ঠিকমতো টেকাও দেয় না। ঠিকমতো খাওন নাই, আবার ঈদ!’আয়েশা বলেন নির্মম সত্য। ‘সারা বছর নতুন নতুন কাপড় বানাই। সব সময়ই নতুন পোশাকের গন্ধে থাকি। অথচ বছরের একটা মাত্র দিনে সেই কাপড় কিনব, টাকার অভাবে তা-ও কিনতে পারি না।’