পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কর্মসূচি পালন করে গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন
ছবি: প্রথম আলো

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবিতে ঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে একটি সংগঠন।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আয়োজক গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন।

কর্মসূচির অংশ হিসেবে শুরুতে সংগঠনের নেতা ও শ্রমিকেরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে উপস্থিত হন। পরে তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, জীবনযাপন ব্যয়ের সঙ্গে সংগতি রেখে তাঁদের মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে। কর্মস্থলে শ্রমিকদের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক শ্রম আইন ও বিধিমালা প্রণয়ন করতে হবে।

সংগঠনের সভাপতি শবনম হাফিজের সভাপতিত্বে ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা আবদুস ছাত্তার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির প্রমুখ কর্মসূচিতে বক্তব্য দেন।

শবনম হাফিজ বলেন, বর্তমানে দ্রব্যসামগ্রীর যে মূল্য, আর শ্রমিকেরা যে মজুরি পান, তাতে তাঁদের জীবনযাপন সম্ভব নয়। কর্মস্থলে তাঁদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। তাঁদের দুপুরে মানসম্পন্ন খাবার দেওয়া হয় না। মালিকপক্ষকে চাপ দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান।

মাতৃত্বকালীন ছুটি, শিশু দিবাযত্ন কেন্দ্র চালুসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়ে শবনম হাফিজ বলেন, ‘শ্রম অধিকার আদায়ে আমরা লড়ছি। সমাজ পরিবর্তনে এই লড়াই নিরন্তর।’

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির বলেন, দাবি করা হচ্ছে দেশ উন্নত হচ্ছে। অথচ, এখন শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে রাজপথে নামতে হচ্ছে।

ইকবাল কবির আরও বলেন, পরিবহন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রতিটি ক্ষেত্রে দাম বেড়েছে। শ্রমিকদের পকেটে টাকা থাকছে না। কোনো সঞ্চয় থাকছে না।