পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ তেজগাঁওয়ে পুলিশসহ আহত ৩০
রাজধানীর তেজগাঁও শিলাঞ্চল এলাকায় গতকাল মঙ্গলবার সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ছয় পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন। সোয়া ঘণ্টাব্যাপী সংঘর্ষে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার অলিগলিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও পোশাকশ্রমিকেরা জানান, গতকাল সকালে প্রায় ৭০০ শ্রমিক তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার শহীদ তাজউদ্দীন সরণির সমাহার সোয়েটারে কাজে যোগ দিতে যান। এ সময় অস্থিতিশীল অবস্থা সৃষ্টির অভিযোগে ৫৮ জনকে ভেতরে ঢুকতে না দিলে কাজে যোগ দিতে না-পারা শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ ও সমাবেশ করেন। পরে তাঁরা পাশের ফোকাস ফ্যাশন ও ওয়েগা সোয়েটারে গিয়ে শ্রমিকদের ডেকে আনেন। শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে মিছিল করে হা-মীম গ্রুপের কারখানার সামনে যান। তাঁরা শ্রমিকদের আনতে কারখানার ফটক ভাঙার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ গোটা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টা পর্যন্ত এ অবস্থা চলে। এরপর বিপুলসংখ্যক পুলিশ একত্র হয়ে বিক্ষোভরত শ্রমিকদের লাঠিপেটা করে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ছয় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। আহত ছয় পুলিশকে রাজারবাগ পুলিশ হাসপাতাল ও অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার অপারেশন কর্মকর্তা সাহাবুদ্দিন আজাদ প্রথম আলোকে জানান, গতকাল কিছু শ্রমিককে কারখানায় ঢুকতে না দেওয়ার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।