পোশাকশ্রমিকদের ৪০টি সংগঠনের কর্মসূচি ঘোষণা
শ্রম আইন সংশোধন, ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন, হল-মার্ক গ্রুপের সব শ্রমিকের বেতন-মজুরিসহ পাওনা পরিশোধ এবং প্রশাসক নিয়োগ করে কারখানা চালুর দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে পোশাকশ্রমিকদের ৪০টি সংগঠন। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এই ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে বলা হয়, অবিলম্বে শ্রম আইন-২০০৬ সংশোধনসহ শ্রমিকবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে; রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ইপিজেড) সব পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার চালু করতে হবে; হল-মার্ক গ্রুপের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এখানে কর্মরত শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে এবং প্রশাসক নিয়োগ করে কারখানা চালু করতে হবে।এসব দাবি আদায়ের কর্মসূচি হিসেবে আজ ২৫ নভেম্বর থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রেণী-পেশার সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন শ্রমিক নেতারা। এর অংশ হিসেবে আজ সকালে তাঁরা মতবিনিময় করবেন বিশিষ্ট আইনবিদ কামাল হোসেনের সঙ্গে। আগামীকাল মতবিনিময় হবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে। ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে পালিত হবে অনশন ধর্মঘট।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক মাহাবুবুর রহমান ইসমাইল। উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন খান, গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চের সমন্বয়ক লাভলী ইয়াসমীন, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক সিরাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।