পোষা প্রাণীর হাসপাতালের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিকিট নামের একটি পোষা বিড়ালের রোগ নির্ণয় করা হচ্ছে। গতকাল রাজধানীর পূর্বাচলের ‘টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার’–এ।  ছবি: প্রথম আলো
কিকিট নামের একটি পোষা বিড়ালের রোগ নির্ণয় করা হচ্ছে। গতকাল রাজধানীর পূর্বাচলের ‘টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার’–এ। ছবি: প্রথম আলো

পোষা প্রাণীর সুরক্ষায় কাজ করেন সাদিয়া স্বাতী। তিনি রাস্তার পাশের আবর্জনার স্তূপ থেকে একটি আহত বিড়ালকে তুলে পরিচ্ছন্ন করেছেন। বিড়ালটিকে তরল খাবার খাইয়ে কিছুটা সুস্থ করে পোষা প্রাণীর হাসপাতালে এনেছেন চিকিৎসার জন্য। গতকাল রোববারই হাসপাতালটি চালু হয়েছে পূর্বাচল আবাসিক এলাকায়।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে ঢাকার পূর্বাচলে ২২ কাঠা জায়গার ওপর পোষা প্রাণীর হাসপাতাল চালু হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বিকেলে এই হাসপাতাল ও গবেষণা কেন্দ্র উদ্বোধন করেন। পূর্বাচল নিউ টাউনের ১৮ নম্বর সেক্টরের ১১৪ নম্বর সড়কে ‘টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার’ নামের এই হাসপাতালে শিক্ষানবিশ ও স্নাতকোত্তর প্রাণী চিকিৎসকেরা হাতে-কলমে প্রশিক্ষণ নিতে পারবেন। এ ছাড়া পোষা প্রাণীর বিভিন্ন রোগ নিয়ে বিশেষভাবে গবেষণার সুযোগ থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, ঢাকায় বিশেষ করে গুলশান, বনানী, বারিধারা, উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকার শৌখিন মানুষ অনেক রকম প্রাণী পোষেন। এই হাসপাতালে তাঁরা পোষা প্রাণীর উন্নত চিকিৎসাসেবা পাবেন। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ইন্টার্ন চিকিৎসকেরাও হাতে-কলমে প্রশিক্ষণ লাভের সুযোগ পাবেন। এর ফলে ভেটেরিনারি শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।

এই হাসপাতালে পোষা প্রাণীর চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম মেশিন, মাইক্রোস্কোপসহ আধুনিক যন্ত্রপাতি নিয়ে পরীক্ষাগার স্থাপন করা হয়েছে।

উদ্বোধনের দিনেই এই হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল পাঁচটি প্রাণী।

সাদিয়া স্বাতী এনেছিলেন বিড়াল। তিনি বললেন, মানুষের অসুখ হলে তারা তা বলতে পারে, চিকিৎসা নিতে যেতে পারে, কিন্তু এসব প্রাণী তা বলতে পারে না। এ কারণে এদের দুর্ভোগ বেশি। তিনি জানান, প্রাণীদের সুরাক্ষায় তাঁরা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন গড়ে তুলেছেন। এ ছাড়াও টিকা দিতে আনা হয়েছে আরও বেশ কয়েকটি পোষা কুকুর।

এই হাসপাতালে প্রাথমিকভাবে ২০টি প্রাণী ভর্তি রাখা যাবে। এ ছাড়া প্রতিদিন ৪০ থেকে ৫০টি প্রাণীর চিকিৎসা করানো যাবে। দুজন প্রশিক্ষিত প্রাণী চিকিৎসক সার্বক্ষণিক এই হাসপাতালে থাকবেন। এখানে পোষা প্রাণী ভর্তি করাতে ২০০-৫০০ টাকা নিবন্ধন ফি দিতে হবে। প্রাণীর সাধারণ অস্ত্রোপচারের জন্য ১ থেকে ২ হাজার টাকা খরচ পড়বে। জটিল অস্ত্রোপচারের জন্য খরচ হবে প্রায় ৫ হাজার টাকা।

‘অ্যাপোলো’র চোখের অসুখ হয়েছে, খেতে পারে না, সারাক্ষণই অস্বস্তি প্রকাশ করে। ডান চোখের কোণে লাল হয়ে মাংসপিণ্ড বের হয়ে গেছে। চিকিৎসকেরা জানালেন, এই অসুখের নাম ‘চেরি আই’। ফেসবুকের মাধ্যমে হাসপাতালটির খবর জেনে শেওড়াপাড়া থেকে এফ আর সজল তাঁর পোষা কুকুর অ্যাপোলোকে গতকাল নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য।