পৌষের সন্ধ্যায় বিজ্ঞানপ্রেমীরা শুনলেন বিজ্ঞানকথা

কারও হার্ট অ্যাটাক হয়েছে, দ্রুত হাসপাতালে নিতে হবে। যানজটের কারণে হাসপাতালে যেতে সময় লাগবে আধা ঘণ্টা। উড়ন্ত গাড়িতে কিন্তু তিন মিনিটেই সেখানে পৌঁছানো যাবে। আবার অনেক চেষ্টা করেও সিগারেট ছাড়া যাচ্ছে না, কিংবা দাঁতের ফিলিং আরও নিখুঁতভাবে দরকার—এমন সব প্রয়োজন মেটানো যাবে প্রযুক্তির ব্যবহারে।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের ‘গবেষকদের সঙ্গে এক বিকেল: কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ন্যানো প্রযুক্তি’ শীর্ষক অনুষ্ঠানে এসব তুলে ধরেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত গবেষকেরা। মাসিক বিজ্ঞানচিন্তার এই আয়োজনে প্রায় আড়াই শ কিশোর-তরুণ বিজ্ঞানপ্রেমী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গবেষকেরা তাঁদের শিক্ষাজীবন, নিজের গবেষণার ক্ষেত্র ও প্রিয় বই নিয়ে কথা বলেন। তাঁরা বলেন, প্রযুক্তির নতুন আবিষ্কারের সঙ্গে সঙ্গে নানা ধরনের চ্যালেঞ্জও তৈরি হয়ে যায়। এই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। পাশাপাশি ভালো ক্যারিয়ার গড়তে নানা কর্মকাণ্ডে যুক্ত হতে হবে।

রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলে সব বর্জ্য ফেলে দিলে তা চিরতরে হারিয়ে যাবে কি না, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে হুমকি কি না, সিগারেট খেলে অ্যাপের মাধ্যমে তা ধরা যাবে কি না—এ ধরনের বিচিত্র সব প্রশ্ন ছিল উপস্থিত কিশোর-তরুণ দর্শক-শ্রোতাদের।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল মিজৌরির কম্পিউটার বিজ্ঞান ও সাইবার সিকিউরিটি বিভাগের সহকারী অধ্যাপক তাইয়াবুল হক বলেন, ‘এখন সবকিছুতেই পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। পাসওয়ার্ড বড় হলে মনে রাখা কঠিন। আবার ছোট হলে অনিরাপদ। সুতরাং নিরাপত্তার পাশাপাশি গোপনীয়তার বিষয়ে জোর দেওয়া হয়। এ নিয়ে মূলত আমার গবেষণা।’
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ডিপার্টমেন্ট অব সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট ডক্টরাল ফেলো মো. সামি হাসনাইন বলেন, ‘কয়েক বছর পরে রাস্তায় দাপিয়ে বেড়াবে স্বয়ংক্রিয় গাড়ি। এসব গাড়ি চলাচলের সময় কোনো আওয়াজ করবে না বলে তা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি তৈরি করবে। প্রযুক্তির সাহায্যে এ সমস্যার সমাধানে কাজ করছি আমরা।’

ঘড়ি থেকে শুরু করে ঘরের লাইট, ফ্যান বা বড় কোনো ডিভাইসের সঙ্গে ইন্টারনেট কীভাবে যুক্ত করা যায়, সে বিষয় নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্রের মিজৌরি স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাজীব ইকবাল। তিনি আশা করেন, ইন্টারনেটের সহায়তায় এখন ঘরে বসেই নিয়ন্ত্রণ করা যাবে পুরো শহর।
ওয়েস্টার্ন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামিম আহমেদ বলেন, একাডেমি এবং শিল্পের মধ্যে একধরনের যোগসূত্র আছে, এটা বোঝা জরুরি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে কীভাবে স্বাস্থ্যসুবিধা দেওয়া যাবে, তা নিয়ে গবেষণা করছেন তিনি। এখানে বিশেষ বুদ্ধিসম্পন্ন মানুষের চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হবে বলে জানান অধ্যাপক শামিম আহমেদ।

প্রযুক্তির মাধ্যমে মানুষের ব্যবহারের ক্ষেত্রে কীভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী শারমিন। তিনি বলেন, ‘প্রযুক্তির সহায়তায় ধূমপান ছেড়ে দেওয়ার হার বাড়ানো চেষ্টা করছি আমরা। আবার বিশেষ বুদ্ধিসম্পন্ন বয়স্ক ব্যক্তিদের জীবনসঙ্গী খুঁজতে প্রযুক্তির সহায়তায় কাজ করছি।’
ওয়েনি স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অমিয়াংশ বসু পড়াশোনা করেছেন বুয়েটে। কিন্তু প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারায় তেমন একটা ভালো ফল হয়নি। আগ্রহ ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি। সফটওয়্যার কীভাবে আরও নিরাপদ করা যায়, কীভাবে আরও ভালোভাবে সামলানো যায়, সে বিষয়ে কাজ করছেন তিনি।

বুয়েট থেকে পাস করে ব্যাংকে চাকরি করতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নিরুপম আইচ। তিনি বলেন, ‘স্বর্ণ রাসায়নিকভাবে নিষ্ক্রিয় একটা ধাতু। কিন্তু একে ভেঙে পারমাণবিক পর্যায়ে রাসায়নিক বিক্রিয়া হিসেবে কাজ করে। এর সাহায্যে ব্যাকটেরিয়া ধ্বংস করা যায়।’ তিনি ন্যানো কণা ব্যবহার করে পানি বিশুদ্ধ করতে গবেষণা করছেন বলে জানান।
শরবত বা পানীয়তে দাঁতের অ্যানামেল ক্ষয় হয়। কোন ধরনের পানীয়তে কী ধরনের ক্ষয় হয়, কীভাবে এই ক্ষয় রোধ করা যায়, তা নিয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডা কলেজ ডেন্ট্রিস্টির সহকারী অধ্যাপক উপমা গুহ।
ক্রিমিনাল জাস্টিফাই সিস্টেমে ও সাইকোলজি নিয়ে গবেষণা করছেন স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক নেদিন মুরশিদ। অপরাধবিষয়ক সমস্যা সমাধানে অপরাধীকে একতরফাভাবে দোষারোপ করা হয়। একে বরং বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তা নিয়ে সিস্টেমেটিক্যালি সমাধান করা উচিত বলে জানান তিনি।

টেক্সাস এ অ্যান্ড এস বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হাসান বলেন, উন্নত বিশ্বে হাইড্রো-কার্বনের ব্যবহার বাড়ছে। এতে পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে জলবায়ুর পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়ে। প্রযুক্তির মাধ্যমে এর সমাধান করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
ডেটা সায়েন্স, মেশিন লার্নিং নিয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক লতিফুর রহমান খান। তিনি বলেন, স্বয়ংক্রিয় গাড়ির মাধ্যমে কোনো দুর্ঘটনা হলে মেশিন লার্নিংয়ের মাধ্যমে এর সমাধান সম্ভব।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেইনের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বশির খোদা ডিজিটাল অ্যান্ড বায়োম্যানুফ্যাকচারিং নিয়ে গবেষণা করছেন। উন্নত বিশ্বে ডিজিটাল ম্যানুফ্যাকচারিং কীভাবে ফিরিয়ে আনা যায়, তা অনুসন্ধান করছেন তিনি।

দুর্ঘটনায় শরীরের কোনো হাড় ক্ষতিগ্রস্ত হলে কৃত্রিম হাড় ব্যবহারের বিষয় নিয়ে গবেষণা করছেন ওয়েস্টার্ন ক্যারোলাইনা ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ এম এম নাজমুল আহসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রচেস্টারের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী এহসান হক। অতিথিদের পরিচয় পর্বের পর দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস ও মেকাটনিকস বিভাগের অধ্যাপক লাফিফা জামাল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. খলিলুর রহমান।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।
এই আয়োজনে গবেষকদের বিস্তারিত আলোচনা জানা যাবে বিজ্ঞানচিন্তার জানুয়ারি ২০২০ সংখ্যায়।