প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসমাপ্ত অবস্থায় পড়ে আছে সেতু। রাজধানীর খিলগাঁও থানাধীন লায়নহাটি সড়কে দেবদোলাই খালের ওপর আবেদ মাস্টার বাড়িসংলগ্ন এলাকায়। গত ৩০ জুলাই বিকেলে
ছবি: দীপু মালাকার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারের হাতে সব টাকা তুলে দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই প্রকৌশলীকে সাময়িক বহিষ্কার করা হয়।

সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে পুরো টাকা দিয়ে দেওয়ার অভিযোগে গতকাল বুধবার ‘ঢাকা দক্ষিণ সিটি: কাজ ৮০ ভাগ, টাকা শতভাগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

তানভীর আহমদকে সাময়িক বরখাস্ত করার যে আদেশ জারি করা হয়েছে, তাতে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডে লায়নহাটি সড়কে আবেদ মাস্টার বাড়িসংলগ্ন দেবদোলাই খালের ওপর একটি সেতুর নির্মাণকাজে এমন ঘটনা ঘটেছে। সেতুটির দৈর্ঘ্য ৩০ মিটার, প্রস্থে ৯ দশমিক ৮ মিটার। সেতুতে ওঠানামা করতে ৩০ মিটার করে ৬০ মিটার সংযোগ সড়ক নির্মাণের কথা রয়েছে। সেতু এবং সেতুতে ওঠানামার জন্য সংযোগ সড়ক তৈরিতে বরাদ্দ প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। এ ছাড়া সেতুসংলগ্ন এলাকায় সড়ক উন্নয়নের জন্য বরাদ্দ ছিল আরও প্রায় সাড়ে তিন কোটি টাকা। সব মিলিয়ে একটি প্যাকেজের অধীনে কাজটি হচ্ছিল। কাজ শেষ না করলেও ঠিকাদার প্রতিষ্ঠানকে গত জুন মাসে সব টাকা দিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সংস্থার সচিব মোহাম্মদ আকরামুজ্জামান স্বাক্ষরিত ওই দপ্তর আদেশে বলা হয়, প্রকল্পের পরিচালক ও অঞ্চল-১–এর নির্বাহী প্রকৌশলী তানভীর আহমদকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯–এর বিধি ৪৯ (ক), (খ), (ঘ), (ঙ) অনুযায়ী যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করাসহ চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। সে মোতাবেক তাঁকে চাকরি বিধিমালা বিধি ৫৫ (১) অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালে এই কর্মকর্তা খোরাকি ভাতা পাবেন বলেও দপ্তর আদেশে উল্লেখ করা হয়েছে।

মেয়রের দায়িত্ব নেয়ার পরই শেখ ফজলে নূর তাপস দুর্নীতি আর অনিয়মের দায়ে করপোরেশনের দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন। তাঁরা হলেন সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকা মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তার দায়িত্ব থাকা ইউসূফ আলী সরদার।

এ ছাড়া রাজস্ব বিভাগের কর কর্মকর্তা আতাহার আলী খান ও সম্পত্তি বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ইসহাকেও সাময়িক বরখাস্ত করেছেন মেয়র। শাস্তি দেওয়ার পাশাপাশি ভালো কাজ করার পুরস্কারও দিয়েছেন মেয়র। দক্ষিণ সিটি করপোরেশনের ইতিহাসে গত মাসে সংস্থার প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হককে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন তিনি।