প্রকল্পে বাড়তি ব্যয়ের প্রস্তাব, ফেরত দিল মন্ত্রণালয়

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপত্তির পরে এখন নতুন করে প্রকল্প প্রস্তাব তৈরি করছে ডিএসসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

রাজধানীর চারটি খালের উন্নয়নে প্রায় ৯৩৮ কোটি টাকার প্রকল্প নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে খালগুলোর নকশা ও তদারকিতে পরামর্শক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ধরা হয়েছিল প্রায় ১৪ কোটি টাকা। আর অভ্যন্তরীণ প্রশিক্ষণ, আগুন নেভানোর যন্ত্র কেনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ধরা হয়েছিল ৩ কোটি করে টাকা। এসব খাতের বরাদ্দকে ‘অতিরিক্ত খরচ’ উল্লেখ করে প্রকল্পটি ফেরত পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

খাল উন্নয়নের এ প্রকল্পে মোট ৪১টি খাতে বরাদ্দ রেখেছিল ডিএসসিসি। মন্ত্রণালয়ের আপত্তির পরে এখন নতুন করে প্রকল্প প্রস্তাব তৈরি করছে সংস্থাটি। খোদ সিটি করপোরেশনের কর্মকর্তারাই বলছেন, বিভিন্ন খাতে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব করা হয়েছিল। সেগুলো সমন্বয় করে প্রয়োজনীয় খাত রেখে বাকিগুলো বাদ দেওয়া হবে।

গত বছরের ডিসেম্বর মাসে ঢাকা ওয়াসার কাছ থেকে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় সিটি করপোরেশন।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
ফাইল ছবি
প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যাঁরা সম্পৃক্ত থাকেন তাঁদের অনেকে এর মধ্য দিয়ে সম্পদ বাড়িয়ে নেওয়ার একটা উপায় খোঁজেন। এ জন্যই অবাস্তব প্রস্তাব উপস্থাপন করা হয়।
ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি

ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে চারটি খালের পানিপ্রবাহ ঠিক রাখা এবং সেখানে নৌ চলাচলের পরিবেশ নিশ্চিত করাসহ সৌন্দর্যবর্ধনে এ প্রকল্পের জন্য প্রায় ৯৩৮ কোটি টাকা প্রস্তাব করা হয়। প্রায় ৫০ লাখ মানুষকে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি দিতেই নেওয়া হয় প্রকল্পটি।

‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি’ নামের এ প্রকল্পের কাজ চলতি মাসের ১ জুলাই থেকে শুরু হয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল। এতে কালুনগর, শ্যামপুর, জিরানী ও মান্ডা খালের প্রায় ২০ কিলোমিটারে উন্নয়নকাজ করার পরিকল্পনা ছিল। চলতি বছরের মার্চ মাসের দিকে প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সংস্থার প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ প্রকল্প প্রস্তুত করার দায়িত্ব শুরুতে দেওয়া হয়েছিল সংস্থার প্রধান নগর–পরিকল্পনাবিদের দায়িত্বে থাকা সিরাজুল ইসলামকে। এখন এটি সংশোধন করে মন্ত্রণালয়ে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরকে।

জানতে চাইলে খায়রুল বাকের প্রথম আলোকে বলেন, ১৬ জুলাই মন্ত্রণালয় থেকে কয়েকটি খাত সংশোধন করতে বলা হয়েছে। ইতিমধ্যে তাঁরা খাতগুলো সংশোধন করার কাজ শুরু করেছেন। এরপর আবার প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবেন।

সংস্থার নগর-পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পের মধ্যে গাড়ি কেনাকাটায় দুই কোটি, জ্বালানি বাবদ ১ কোটি, ব্যবস্থাপনায় ১ কোটি, যন্ত্রপাতি ভাড়ায় ২ কোটি, গ্যাস ও জ্বালানি বাবদ ১ কোটি, সেমিনার খাতে ৬০ লাখ, সম্মানী ভাতা ৫০ লাখ, অফিস সরঞ্জাম খাতে ৫০ লাখ, নিরাপত্তা সেবা সংগ্রহে ৫০ লাখ, কম্পিউটারসামগ্রী কেনাকাটায় ৫০ লাখ, আসবাব কেনাকাটায় ৫০ লাখ, আপ্যায়ন খরচ ২০ লাখ, মোবাইল ফোনে আলাপের জন্য ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।

প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতিমূলক কাজে এসব বরাদ্দের বাইরে কালুনগর খালের তিন কিলোমিটার উন্নয়নে ১৭১ কোটি, জিরানী খালে ৩ দশমিক ৪০ কিলোমিটারের জন্য ২১৪ কোটি, মান্ডা খালে ৮ কিলোমিটারের জন্য ২৯৭ কোটি টাকা এবং শ্যামপুর খালের ৫ কিলোমিটারের উন্নয়নকাজের জন্য ১৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে ঢাকা ওয়াসার কাছ থেকে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়ার পর জিরানী, মান্ডা ও শ্যামপুর খালের পাশে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেয় দক্ষিণ সিটি। এসব খালে জমে থাকা বর্জ্যও অপসারণ করেছে সংস্থাটি।

এর মধ্যে জিরানী খালটি খিলগাঁও এলাকায় পড়েছে। এটি নন্দীপাড়া ব্রিজ থেকে শুরু হয়ে ত্রিমোহনী বাজারে গিয়ে শেষ হয়েছে। মান্ডা খালটিও খিলগাঁও থানাধীন। এটি নন্দীপাড়া ব্রিজের দক্ষিণ দিক থেকে শুরু হয়ে মানিকনগর এসে শেষ হয়েছে। শ্যামপুর খালটি দনিয়া এলাকা থেকে শুরু হয়ে শ্যামপুর বাজারে গিয়ে শেষ হয়েছে। আর কালুনগর খালটি শহীদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহাবিদ্যালয় থেকে রায়েরবাজার স্লুইসগেট পর্যন্ত বিস্তৃত।

সংস্থার প্রকৌশল বিভাগের সূত্র বলছে, চারটি খালে অবকাঠামোগত উন্নয়নকাজ বাস্তবায়নের বাইরে পরামর্শক ফি, আপ্যায়ন খরচ, সম্মানী ভাতা, যন্ত্রপাতি ভাড়াসহ এমন ২৯টি খাতে প্রায় ৩২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এ খাতগুলো নিয়েই মন্ত্রণালয় থেকে আপত্তি তোলা হয়েছে। নতুন করে তৈরি প্রকল্পে সর্বোচ্চ ১০টি খাত রাখা হয়েছে। এর মধ্যে নকশা ও তদারকিতে পরামর্শক প্রতিষ্ঠানের জন্য ১৪ কোটি টাকার জায়গায় কমবেশি ৭ কোটি টাকা রাখা হবে। এর বাইরে নতুন প্রকল্পে প্রস্তাবিত খাতগুলোতেও বরাদ্দ কমানো হবে।

অবশ্য প্রকল্পের প্রতিটি খাতে যৌক্তিক এবং নির্দিষ্টভাবেই বরাদ্দ প্রস্তাব করা হয়েছে বলে দাবি করেছেন এটি তৈরির সঙ্গে যুক্ত থাকা কর্মকর্তা সিরাজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, খালগুলো অনেক দূরে, তাই চারটি খালের জন্য চারটি গাড়ির প্রস্তাব করেছেন। কর্মকর্তারা ফোনে কথা বলবেন, তাই টাকা বরাদ্দ রেখেছেন।

ডিএসসিসির প্রকল্পে বাড়তি ব্যয়ের প্রস্তাব সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যাঁরা সম্পৃক্ত থাকেন, তাঁদের অনেকে এর মধ্য দিয়ে সম্পদ বাড়িয়ে নেওয়ার একটা উপায় খোঁজেন। এ জন্যই অবাস্তব প্রস্তাব উপস্থাপন করা হয়। যখন তাঁরা সফল হন, তখনই প্রকল্প থেকে অনৈতিক সুযোগ-সুবিধা নেওয়া শুরু হয়।