প্রকল্পের কাজই শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতার দুর্ভোগ কাটল না রাজধানীবাসীর। নগরে মাত্র ৩০ ভাগ পয়ঃনিষ্কাশন লাইন থাকলেও নির্মাণকাজের কারণে সেগুলোও ভেঙে পড়েছে। মৌচাক–মগবাজার উড়ালসড়ক নির্মাণকাজে ফেটে গেছে পাইপ। এক সপ্তাহ ধরে মালিবাগ মোড়ের এ অবস্থা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতার দুর্ভোগ কাটল না রাজধানীবাসীর। নগরে মাত্র ৩০ ভাগ পয়ঃনিষ্কাশন লাইন থাকলেও নির্মাণকাজের কারণে সেগুলোও ভেঙে পড়েছে। মৌচাক–মগবাজার উড়ালসড়ক নির্মাণকাজে ফেটে গেছে পাইপ। এক সপ্তাহ ধরে মালিবাগ মোড়ের এ অবস্থা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

ছয় বছর আগে নির্মাণ পরিকল্পনা নেওয়া হলেও ঢাকা ওয়াসার দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের দৃশ্যমান কোনো কাজ এখন পর্যন্ত হয়নি। হাতিরঝিলের পানি দূষণমুক্ত রাখা ও রাজধানীর একটি অংশের বর্জ্য পরিশোধন এই প্রকল্পের ওপর নির্ভর করছে।
ঢাকা ওয়াসা ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনভিত্তিক একটি প্রতিষ্ঠান দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে প্রায় আড়াই হাজার কোটি টাকা অর্থায়নে রাজি হয়। দাতা সংস্থার এদেশীয় প্রতিনিধি এক্সিম ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে এখন পর্যন্ত এই প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়নি। তবে জাতীয় অর্থনৈতিক বিষয়ক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত সেপ্টেম্বরে প্রকল্পের ডিপিপি অনুমোদন করে। কাজ শুরু হতে আরও তিন মাস লাগতে পারে।
সর্বশেষ খবর হচ্ছে, জমি অধিগ্রহণের পরও ঢাকা ওয়াসা জমি বুঝে নিচ্ছে না। এর কারণ এখন পর্যন্ত বাংলাদেশ এবং চীনা সংস্থা বা তার প্রতিনিধির মধ্যে কোনো রকম চুক্তি সই না হওয়া। জমি নিলেই অর্থ ব্যয়ের বিষয় চলে আসবে।
দাসেরকান্দি প্রকল্প এলাকার অবস্থান রাজধানীর আফতাবনগর থেকে দুই কিলোমিটার পূর্বদিকে। সেখানে প্রকল্পের ৬০ একর জায়গা রয়েছে। তবে প্রকল্পস্থল ঠিক কোনটি, এলাকায় গিয়ে বোঝা যায় না। কিছু জায়গা খালি পড়ে আছে। কিছু জায়গায় গড়ে উঠছে অবৈধ স্থাপনা।
সূত্রমতে, পূর্বাঞ্চলীয় এলাকাসহ রাজধানীর কিছু অংশের পয়োবর্জ্য পরিশোধন সম্ভব হবে প্রকল্পটি বাস্তবায়িত হলে। আর বর্তমানে হাতিরঝিলে দূষণ বেড়ে যাওয়ার জন্য প্রধানত দায়ী ঢাকা ওয়াসার দাসেরকান্দি পয়ঃশোধনাগার নির্মাণ না হওয়া। হাতিরঝিলের মূল নকশাতেও নির্ধারিত আছে যে দাসেরকান্দিতে একটি শোধনাগার থাকবে। ২০০৯ সালে হাতিরঝিলের কাজ শুরুর আগেই দাসেরকান্দি শোধনাগার নির্মাণকাজ শুরুর কথা ছিল। সোইকো ইন্টারন্যাশনাল নামের এক সুইডিশ কোম্পানি আগেই দাসেরকান্দিতে এটা নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে রেখেছিল। পরে এ বিষয়ে আরও কাজ হয়। 

হাতিরঝিল প্রকল্পের নকশায় ছিল হাতিরঝিলের দুপাশের নর্দমা দিয়ে তরল ও কঠিন বর্জ্য রামপুরা সেতুর সামনে এসে মিশবে, এখানে একটা লিফট পাম্পিং স্টেশন হবে। আফতাব নগরের ভেতর দিয়ে লাইন যাবে। সেই লাইন পাঁচ কিলোমিটার দূরে দাসেরকান্দিতে গিয়ে মিশবে। সেখানে পয়োবর্জ্য পরিশোধন হয়ে বালু নদীতে চলে যাবে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, হাতিরঝিলের দুপাশের নর্দমা দিয়ে পয়োবর্জ্য রামপুরা ব্রিজের কাছে আসছে এবং তলা দিয়ে বনশ্রীর পাশ দিয়ে বেগুনবাড়ি ও নড়াই খাল দিয়ে চলে যাচ্ছে। দূষণ আগে যেভাবে হতো সেভাবেই হচ্ছে। বিশেষ করে দূষণ ছড়িয়ে পড়ছে বনশ্রী আফতাবনগর এলাকায়। স্থানীয়রা জানান, বর্ষাকালে বর্জ্যপ্রবাহ আরও অনেক বেড়ে যায়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সূত্রে জানা যায়, ২০০৭ সালে বুয়েটের পক্ষ থেকে দেশি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৫০০ কোটি টাকায় এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে বলা হয়। পরে ডিপিপি হয় ৪২৫ কোটি টাকায়। বর্তমানে সে টাকা বেড়ে প্রায় আড়াই হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। শুরুতে কথা ছিল ১০০ একর জমিতে শোধনাগার হবে। এখন ৬০ একরে নামিয়ে আনা হয়েছে।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, হাতিরঝিলের বর্জ্য দুপাশের নর্দমাপথে দাসেরকান্দিতে নিয়ে পরিশোধন করতে হবে—এটাই কথা ছিল।

ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (গবেষণা, পরিকল্পনা ও উন্নয়ন) সিরাজউদ্দিন প্রথম আলোকে বলেন, দাসেরকান্দি প্রকল্প বাস্তবায়নের দিকেই যাচ্ছে। আশা করা যায়, তিন মাসের মধ্যে নির্মাণকাজে হাত দেওয়া সম্ভব হবে।