প্রকল্পের সুফল পেতে মেয়রের দুই প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কুড়িল থেকে বালু নদ পর্যন্ত সড়কের দুপাশে ১০০ ফুট চওড়া খাল খনন প্রকল্পের সুফল পেতে এর সঙ্গে আরও দুটি বিষয় যুক্ত করার প্রস্তাব দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, খনন প্রকল্পের সুফল পেতে হলে একই সঙ্গে কুড়িল রেল ক্রসিংয়ের কাছে পানি নিষ্কাশনের জন্য বিদ্যমান পাইপলাইনটি প্রশস্ত করতে হবে। পাশাপাশি উড়ালসড়কের নিচে জলকপাটের (স্লুইসগেট) কঠিন বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নিতে হবে।

গতকাল বুধবার পূর্বাচল নতুন শহর এলাকার ১৪ নম্বর সেক্টরে আয়োজিত প্রকল্পের এক অবহিতকরণ সভায় মেয়র এসব কথা বলেন। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাজউক ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সভাটি আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে গৃহীত এই প্রকল্পে ব্যয় হবে ৫ হাজার ৫৩০ কোটি টাকা। এ জন্য ৯০ একরের বেশি ভূমি অধিগ্রহণকাজে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩০০ কোটি টাকা। এই প্রকল্পের প্রধান লক্ষ্য নিকুঞ্জ, বারিধারা, জোয়ার সাহারা, ডিওএইচএস, সেনানিবাস, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কালাচাঁদপুর ও পাশের এলাকার জলাবদ্ধতা নিরসন।

সভার প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন মেয়র আনিসুল হকের প্রস্তাব দুটি প্রকল্পের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেন। তিনি বলেন, দরকার হলে কিছু টাকা বাড়িয়ে এই প্রকল্পের সঙ্গেই বোয়ালিয়া খালটি খননের ব্যবস্থা করতে হবে।

গণপূর্তসচিব শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী ও ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

বক্তারা বলেন, এই প্রকল্পের আওতায় কুড়িল থেকে বালু নদ পর্যন্ত সড়কের দুপাশে ১৩ কিলোমিটার খাল খননের পাশাপাশি আরও ১৩ কিলোমিটার সার্ভিস রোড, ৩৯ কিলোমিটার ওয়াকওয়ে, চারটি ইউলুপ ও ১৩টি আর্চ ব্রিজ নির্মাণ করা হবে।

সভা শেষে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ১০০ কোটি টাকার চেক বিতরণ করা হয়।