প্রকাশিত খবর সম্পর্কে ওয়াসার ব্যাখ্যা
ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ শিরোনামে গত কয়েক দিনে বিভিন্ন জাতীয় দৈনিকে যেসব খবর প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে ঢাকা ওয়াসা একটি বক্তব্য দিয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া এই বক্তব্যে বলা হয়েছে, তাদের সরবরাহ করা পানি সম্পূর্ণ নিরাপদ। নগরের কোথাও কোথাও চোরাই লাইন ও একশ্রেণীর গ্রাহকের অসচেতনতার কারণে অনেক সময় পানিতে ময়লা ও দুর্গন্ধ পাওয়া যায়।ব্যাখ্যায় বলা হয়, ঢাকা ওয়াসা প্রতিদিন শোধনাগারে পানির গুণগতমান পরীক্ষার পর এর বিশুদ্ধতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে সরবরাহ করে। সরবরাহকৃত ৮৭ শতাংশ পানিই ভূগর্ভস্থ, যা গভীর নলকূপের মাধ্যমে তোলা হয়। প্রতিবছর শুষ্ক মৌসুমে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর পানি মাত্রাতিরিক্ত দূষণের ফলে পানি শোধনে অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হয়। ফলে এ সময় শোধনাগারের পানির স্বাদ ও গন্ধে কিছুটা পরিবর্তন ঘটে। তবে অনেক সময় চোরাই লাইনের কারণে নগরের কোথাও কোথাও কখনো কখনো পানির লাইনের ছিদ্র দিয়ে ময়লা ঢুকে পড়ায় পানিতে ময়লা ও দুর্গন্ধ সৃষ্টি হয়। পানির গন্ধ নিয়ে নগরবাসীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ এবং পানি ফুটিয়ে পান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ওয়াসা।