প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৮ মে প্রথম আলোয় ‘নায়েমের বিদায়ী ডিজির প্রশ্নবিদ্ধ যত নিয়োগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সাবেক মহাপরিচালক শামসুর রহমান। প্রতিবাদপত্রে তিনি বলেছেন, ৩৭ জন নিয়োগের ক্ষেত্রে তাঁর সময় ১৯-২০ জনের বেশি নিয়োগ হয়নি। মিলনায়তনের এসি মহাপরিচালকের বাসায় লাগানো হয়েছিল তিনি বাসায় ওঠার আগেই। মিলনায়তনের নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়ার বিষয়ে শামসুর রহমান বলেন, আয়োজকদের অনুরোধে কিছু ছাড় দেওয়া হয়েছে। আর সরকারি গাড়ি নিয়ে কখনো ভ্রমণের উদ্দেশে বাইরে যাননি। বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা কর্তনের বিষয়ে তিনি বলেন, ২০ বছর ধরেই এভাবে চলে আসছে। আর বাজেটে এক খাতের অর্থ অন্য খাতে নেওয়ার সুযোগ নেই। প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে, তাতে অনিয়মের কথা বলা হয়েছে। প্রতিবেদনের অনুলিপি প্রথম আলোর কাছে আছে।