প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৫ জুলাই প্রথম আলোর ৭ নম্বর পৃষ্ঠায় ‘বারিধারায় গৃহকর্মীর মৃত্যু’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বারিধারার বাসিন্দা মাহমুদুন্নবী চৌধুরী। গত মঙ্গলবার তিনি এক প্রতিবাদলিপিতে বলেন, গৃহকর্মী ফিল্লি তাঁর বাসায় কাজ করত। সে আত্মহত্যা করেছে। প্রকাশিত প্রতিবেদনে ফিল্লিকে স্বামী-স্ত্রী মারধর করতেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনে দেড় বছর আগে নির্যাতন-নিপীড়নে ওই ফ্ল্যাটের আরেক গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে যে তথ্য দেওয়া হয়েছে, তাও সঠিক নয়। প্রকৃতপক্ষে ছাদ থেকে পিছলে পড়ে ওই গৃহকর্মীর মৃত্যু হয়। প্রতিবাদলিপিতে দাবি করা হয়, ফিল্লির মৃত্যু সম্পর্কে ফিরোজ আহমেদসহ কয়েকজন ফ্ল্যাট মালিকের যে বক্তব্য ছাপা হয়েছে, তা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। ফিল্লির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম খান। এতে বলা হয়, মৃত ফিল্লির বোনের বিয়ের তারিখ ঠিক হওয়ার খবর তাঁকে না দেওয়ায় সে অভিমান করে গোসলখানার শাওয়ারের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিজ্ঞপ্তি।