প্রকাশ্যে ধূমপান করায় ১৬ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবহুল স্থানে (পাবলিক প্লেস) প্রকাশ্যে ধূমপান করায় দুই দিনে রাজধানীতে ১৬ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া যত্রতত্র গাড়ি রাখা, চালকের লাইসেন্স, ইন্স্যুরেন্স ও গাড়ির ফিটনেস না থাকায় ১৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত রাজধানীর কাকরাইল এলাকায় অভিযান চালান। সেখানে প্রকাশ্যে ধূমপান করায় আদালত দুই ব্যক্তিকে ২০ টাকা করে ৪০ টাকা জরিমানা করেছেন। এ ছাড়া অবৈধ পার্কিং ও ফিটনেস না থাকায় আটটি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। তাঁদের কাছ থেকে দুই হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ১৯৮৮ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী এসব যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করা হয়। বিশেষ করে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির বিরুদ্ধে এসব মামলা ও জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে গত রোববার বিকেল সাড়ে তিনটায় ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার আদালতপাড়া, ভিক্টোরিয়া পার্ক ও লক্ষ্মীবাজার এলাকায় অভিযান চালান। সেখানে লোকজন প্রকাশ্যে ধূমপান করায় আদালত ২০০৫ সালের ধূমপানবিরোধী আইনের ৫-এর ৪ ধারায় ১৪ ব্যক্তির বিরুদ্ধে ১১টি মামলা করেন। তাঁদের কাছ থেকে ৬৯০ টাকা জরিমানা আদায় করেন আদালত। একই আদালত পুরান ঢাকায় যত্রতত্র গাড়ি পার্কিং, ইন্স্যুরেন্স, চলাচলের অনুমতি ও ফিটনেস না থাকায় এবং রাস্তায় যানবাহন ও জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ১৯৮৮ সালের মোটরযান আইনে ১১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেন। এসব যানবাহন মালিকের কাছ থেকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করেন বেসরকারি সংস্থা সারডার নির্বাহী পরিচালক আরিফুর রহমান ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।