ডিজিটাল বাংলাদেশ কী, তা দেশের মানুষ জানে না। অনেকের কাছে এটি এখন ঠাট্টার বিষয়। ডিজিটাল বাংলাদেশের কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতে হলে জনগণকে দ্রুত দৃশ্যমান সেবা দিয়ে উদাহরণ তৈরি করতে হবে। তা না হলে পরবর্তী সময়ে অন্য কোনো সরকার ক্ষমতায় এসে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের ধারণা বাতিল করে দেবে। গতকাল সোমবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ: নাগরিককেন্দ্রিক ই-গভর্নমেন্টের সূত্রপাত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞ ও বক্তারা এ মত দেন। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত টি কে ভবনে সাংবাদিকতা গবেষণা ও প্রশিক্ষণ উদ্যোগের (যাত্রী) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ আলোচনায় সাংসদ তানভীর শাকিল বলেন, ডিজিটাল বাংলাদেশের ধারণা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। সেবা না পেলে ‘ডিজিটাল’ শব্দটি মানুষের কাছে নিতান্তই বুলি হয়ে যাবে। ফলে পরবর্তী সময়ে সরকারের পক্ষে ডিজিটাল বাংলাদেশ গড়া কঠিন হয়ে পড়বে। সাংসদ গোলাম মাওলা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ শব্দ দুটি সরকারের কাছে কর্মযজ্ঞ হলেও অনেকের কাছে ঠাট্টার বিষয়। কারণ, সরকার জনগণকে সচেতন না করেই এ কাজে হাত দিয়েছে। অনেকেই জানে না ডিজিটাল বাংলাদেশ কী। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, সেবার ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করতে পারলে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনাকে কার্যকর করা সম্ভব। সবার আগে ভূমি অফিসকে ডিজিটাল করা হলে সেটা সরকারের জন্য বড় উদাহরণ হবে। এতে দুর্নীতি কমবে এবং মানুষও দৃশ্যমান ফল পাবে। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান বলেন, সবার আগে ভূমির পর্চা ডিজিটাল করতে পারলে জনগণ সরাসরি সেবা পেতে শুরু করবে। আর তখনই জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করা যাবে। অনুষ্ঠানের সঞ্চালক ও ডি ডট নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান বলেন, ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপ দিতে হলে টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং আইন ও নীতিমালায় সংস্কার আনতে হবে। বিদেশি বিনিয়োগকারী মোবাইল ফোন অপারেটররা অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবহার করার অপরাধে জরিমানা দিয়ে ছাড় পেয়েছে। অথচ একই অপরাধের জন্য দেশি বিনিয়োগকারী পিএসটিএন অপারেটরদের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশের জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের পরিচালক মনজুর হাসান। আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুরাইয়া পারভীন, প্রধানমন্ত্রীর দপ্তরের পরামর্শক আনির চৌধুরী ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি এইচ এন করিম।