শোভাযাত্রা, সেমিনার, মেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রকৌশলীদের সংগঠন—ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা।গতকাল বিকেলে আইইবি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রকৌশলের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ নিয়ে সেমিনারের আয়োজন করে পুরকৌশল বিভাগীয় কমিটি। সেমিনারে প্রকৌশল খাতে সরকারি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘আমাদের দেশে কিছু সংখ্যক প্রকৌশলী ও ঠিকাদারের কারণে এ পেশার সুনাম নষ্ট হচ্ছে।’ প্রকৌশলীদের দুর্নীতি ও স্বজনপ্রীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, আজ যারা দেশের খ্যাতনামা প্রকৌশলী হয়েছেন, সাধারণ জনগণের প্রতি তাঁদের ঋণ রয়েছে। সেমিনারে ‘বাংলাদেশে প্রকৌশলের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইনস্টিটিউশনের সভাপতি নুরুল হুদা, পুরকৌশল বিভাগীয় কমিটির সভাপতি মো. আবদুল আজিম জোয়ার্দার প্রমুখ বক্তব্য দেন।