বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল আহম্মদকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এক অফিস আদেশের মাধ্যমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু সিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, কামাল আহম্মদের বিরুদ্ধে শিক্ষকেরা বেশ কিছু অভিযোগ করায় তাঁকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে নিজ পদে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান। গতকাল বুধবার প্রথম আলোয় ‘দলীয়করণের ভূত এবার বুয়েট প্রশাসনে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শিক্ষকদের কর্মসূচি স্থগিত: চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের পূর্বঘোষিত কর্মসূচি ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে বুয়েট শিক্ষক সমিতি। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদ থেকে কামাল আহম্মদকে সরিয়ে দেওয়া ও তাঁর আপগ্রেডেশন পদোন্নতি ঠিক ছিল কি না, তা খতিয়ে দেখা; পছন্দের ব্যক্তিদের দিয়ে গড়া কমিটির বদলে ডিন ও জ্যেষ্ঠ শিক্ষকদের দিয়ে নিয়োগ ও পদোন্নতিসংক্রান্ত কমিটিগুলো পুনর্গঠন করার দাবিতে এক মাস ধরে বুয়েটের শিক্ষক সমিতি আন্দোলন করে আসছে। সভা শেষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন বলেন, একটি দাবি পূরণ হওয়ায় এবং ছাত্রদের কথা চিন্তা করে কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। বুয়েট কর্মকর্তা সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের প্রতিবাদ: গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছে বঙ্গবন্ধু পরিষদ বুয়েট শাখা। এতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদ একটি আদর্শিক সংগঠন। এ সংগঠন কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। বুয়েটের মতো স্বচ্ছ প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট পন্থায় বিভিন্ন কমিটির মাধ্যমে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে জনবল নিয়োগ করা হয়। সেখানে বঙ্গবন্ধু পরিষদের প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।এদিকে বুয়েটের অফিসার্স অ্যাসোসিয়েশন প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ করে বলেছে, ডিপ্লোমাধারী ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হওয়ার তথ্য সঠিক নয়।