প্রকৌশলী লাঞ্ছিত হওয়ায় আইইবির ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে এক প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।গতকাল সোমবার সংগঠনের প্রেসিডেন্ট ও সম্মানী সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইবি দেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী জাতীয় প্রতিষ্ঠান। তাদের জন্য কর্মের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা সরকার ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ১৭ মার্চ সরকারি ছুটির দিনে ঝিনাইদহ-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম প্রায় ২০ জন সঙ্গীসহ ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানকে অফিসে ডেকে আনেন। অফিসে আসা মাত্রই তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং গালাগাল করতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। এমন অশালীন আচরণ অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। একজন দায়িত্বশীল ও সম্মানীয় জনপ্রতিনিধির এমন কাজে সমগ্র প্রকৌশলী-সমাজ মর্মাহত।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের ঘটনা ও আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং মাঠপর্যায়ে প্রকৌশলীদের কাজের উপযুক্ত পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রকৌশলী-সমাজ মনে করে। আইইবির নেতারা বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়সংগত বিচারের দাবি করছেন এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। অন্যথায় আইইবি তথা প্রকৌশলী-সমাজ সুষ্ঠু বিচারের দাবিতে পরবর্তী সময়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।