প্রক্টর অফিসে সাংবাদিক পেটাল ছাত্রলীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে পিটিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দৈনিক দিনের শেষে পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক গোলাম মোস্তফা ও দৈনিক দেশজনতা পত্রিকার প্রতিবেদক এস এম আল আমিন বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি ফটোকপি দোকানের সামনে লাইনে দাঁড়ান। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা ওই দুই সাংবাদিককে পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের সামনে নিয়ে গিয়ে মোস্তফাকে মারধর ও আল আমিনকে লাঞ্ছিত করেন।ঘটনার পর অভিযোগ করতে ওই দুই সাংবাদিক প্রক্টর অফিসে যান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিনের উপস্থিতিতে গোলাম মোস্তফাকে দ্বিতীয় দফায় মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। পরে প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য ও সাংবাদিক নেতা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় ওই দুই সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিন বলেন, ঘটনার নিষ্পত্তি করতে দুই পক্ষকে নিয়ে প্রক্টর কার্যালয়ে গেলে হামলাকারীরা দ্বিতীয় দফায় সাংবাদিকদের ওপর হামলা করেছে।