প্রক্টরসহ ১৬ জন শিক্ষককে বদলির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা ১২৭ জন। এ ছাড়া সাবেক জগন্নাথ কলেজের ২২৩ জন শিক্ষককে প্রেষণে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয় চালানো হচ্ছে। সম্প্রতি প্রেষণে থাকা প্রক্টরসহ ১৬ জন শিক্ষক একসঙ্গে অন্যত্র বদলি করা হয়েছে। আরও অনেককে বদলি করা হবে বলে জানিয়েছে প্রশাসন। শিক্ষকেরা জানিয়েছেন, দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করা হলে শিক্ষক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হবে। বদলির আদেশ পাওয়া কয়েকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অনেক পরিশ্রম করলেও তাঁদের মূল্যায়ন করা হয়নি। তা ছাড়া নির্দিষ্ট সময়ের আগেই এভাবে ঢালাওভাবে বদলি করলে শিক্ষক সংকটসহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হবে।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘আইন অনুসারেই ধাপে ধাপে প্রেষণে থাকা শিক্ষকেরা বদলি হচ্ছেন এবং আরও হবেন। সংকট কাটাতে সপ্তাহখানেকের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আরও ৮৮ জন শিক্ষক নিয়োগের অনুমোদন পাওয়া যাবে। এ ছাড়া ১৮ জন শিক্ষকের নিয়োগ প্রায় চূড়ান্ত। তাই শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ তবে দায়িত্বপূর্ণ পদ থেকে প্রেষণে থাকা শিক্ষক বদলি হওয়ায় কিছুটা সমস্যা হতে পারে স্বীকার করে উপাচার্য বলেন, বর্তমান প্রক্টর চলে গেলে একটু সমস্যা হবে। প্রশাসন জানায়, গত ২৮ ও ৩১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে প্রেষণ প্রত্যাহার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মো. আখতারুজ্জামান, এম হাসান সোহরাওয়ার্দী, মো. রফিকুল ইসলাম, মো. হুমায়ূন খান, মো. আবদুল আউয়াল, বেগম নীলুফার, মঞ্জুরা বেগম ও মো. নুরউদ্দিন আহম্মেদ; সহযোগী অধ্যাপক কাজী আসাদুজ্জামান ও মো. হুমায়ূন কবীর এবং সহকারী অধ্যাপক মো. রুহুল আলম, মাহবুবা সুলতান, মো. ইউসুফ ও মুহাম্মদ মাকছুদুর রহমান। এ ছাড়া সহযোগী অধ্যাপক নাজির আহম্মদ ও সহকারী অধ্যাপক শামীম আরাকে ওএসডি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির সাত দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ৫৬(২)(ছ) ধারা অনুযায়ী সাবেক জগন্নাথ কলেজের ২৮০ জন শিক্ষককে প্রেষণে পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ১৮ জন শিক্ষক আদালতে মামলা করেন এবং আরও ২০ জন শিক্ষক দেশের বিভিন্ন কলেজ থেকে প্রেষণে আসেন। এ বছরের অক্টোবরে প্রেষণে থাকা শিক্ষকদের ওই মেয়াদ শেষ হওয়ার কথা।