অনিয়মের অভিযোগ এনে প্রক্টর কাজী আসাদুজ্জামানের অপসারণের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ ও ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান সংগঠন দুটির নেতারা। বিষয়টি নিশ্চিত করে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রক্টর অপসারণ করার দাবি উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিগগিরই প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’সূত্র জানায়, গতকাল বিকেলে আওয়ামী শিক্ষকদের সংগঠন নীল দল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা আলাদাভাবে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের নেতারা বিএনপি-জামায়াতের পক্ষ হয়ে কাজ করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রক্টরের অপসারণ দাবি করেন। অন্যথায় আন্দোলনে যাওয়ার হুমকিও দেন তাঁরা। এ ঘটনার পরপরই প্রশাসনের চাপে অসুস্থতার কারণ দেখিয়ে প্রক্টর ১০ দিনের ছুটি নেন। নীল দলের আহ্বায়ক আলী নূর বলেন, প্রক্টর বিভিন্নভাবে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন। ছাত্রলীগের এক নেতা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে ক্যাম্পাস এলাকায় বিভিন্ন অপকর্ম করছেন। বিভিন্ন সময় প্রশাসনের বিপরীতে ছাত্রলীগকে মুখোমুখি দাঁড় করিয়েছেন তিনি।এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর কাজী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক আক্রোশে এ ধরনের অভিযোগ দুঃখজনক।’ তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।