প্রগতি সরণিতে পিকআপের ধাক্কায় ২ শ্রমিক নিহত
রাজধানীর গুলশান থানার প্রগতি সরণিতে আজ শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ঠেলাগাড়ি চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ঠেলাগাড়িচালক আরিফ উদ্দিন (৩২) ও আবদুর রহমান ওরফে বাবুল (৪৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে প্রগতি সরণির কোকাকোলা মোড়ে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান পেছন থেকে একটি ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। এতে ঠেলাগাড়িচালক আরিফ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত ঠেলাগাড়ির শ্রমিক রহমানকে বেলা পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দুই শ্রমিক কাশেম ও মিজানুরকে গুলশানের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরিফ উদ্দিন সপরিবার ভাটারার টেকবাড়িতে থাকতেন। তাঁর বাড়ি নেত্রকোনার কলমাকান্দায়। আর রহমানের বাড়ি একই জেলার কলমাকান্দা উপজেলার নলচাপরায়। তাঁর বাবার নাম কোঢু মিয়া।
ঘটনা তদন্তকারী গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গুলশানের কালাচাঁদপুর থেকে চারজন শ্রমিক ঠেলাগাড়িভর্তি মাটি নিয়ে প্রগতি সরণির কোকাকোলার মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান ঠেলাগাড়িকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও পিকআপটি আটক করা হয়েছে।