প্রচলিত পারিবারিক আইন বদলাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীকে সিদ্ধান্ত গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করে তাঁকে অবরুদ্ধ করে রাখা এবং কখনো যাতে সে অবরোধ ভাঙতে না পারে সে জন্যই পারিবারিক আইন প্রণয়ন করা হয়েছিল। বাংলাদেশে প্রচলিত পারিবারিক আইন বদলাতে হবে নইলে নারীর পঙ্গুত্ব সহজে ঘুচবে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘রোকেয়ার দৃষ্টিতে পারিবারিক আইন ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক রোকেয়া স্মারক বক্তৃতায় বক্তারা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিস বিভাগ এই স্মারক বক্তৃতার আয়োজন করে।অনুষ্ঠানে রোকেয়া স্মারক বক্তৃতা দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। বক্তৃতায় তিনি বলেন, রোকেয়া ছিলেন ইতিহাসের অত্যাশ্চর্য এক উপহার, এক অর্জন যার উত্তরাধিকারে আমরা মানুষ বলে গর্ব অনুভব করতে পারি। বাংলাদেশের প্রচলিত পারিবারিক আইন যে নারীকে অবরুদ্ধ করে রেখেছে তা তিনি হূদয় দিয়ে অনুভব করেছেন। তাই তাঁর স্বপ্ন বাস্তবায়নে ও নারী অধিকার সংরক্ষণে এমন উদ্যোগ নেওয়া হোক, যাতে করে নারী-পুরুষ নির্বিশেষে সবাই আইনের সমান আশ্রয় লাভ করতে সক্ষম হন। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বেগম রোকেয়া একজন আধুনিক ও দূরদর্শী মানুষ ছিলেন। ১০০ বছর আগে তিনি যা উপলব্ধি করেছেন ২০১০ সালে এসেও তাঁর দেখা পাওয়া দুর্লভ। এ দেশের সাক্ষরতার হারই তা বলে দেয়।জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মালেকা বেগম বলেন, ‘এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, উত্তরাধিকার আইনে নারীদের সমান অধিকার দেওয়া হবে। এখন আমাদের এই অধিকার আদায় করে নিতে হবে। ব্যানার-ফেস্টুন নিয়ে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও নামতে হবে। আর কোনো রক্ষণশীল অথবা খোঁড়া যুক্তি দিয়ে তা থামানো যাবে না।’ রোকেয়া স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. শেখ ইশতিয়াক। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন প্রমুখ।