বিপন্নতার প্রচারই আন্তর্জাতিক জলবায়ু তহবিল পাওয়ার একমাত্র যোগ্যতা নয়। জাতিসংঘের সবুজ তহবিল পেতে হলে জলবায়ু তহবিলে সর্বোচ্চ পর্যায়ের শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে নাগরিক সমাজকেও যুক্ত করতে হবে।
গতকাল মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনে অভিযোজন তহবিল: স্বচ্ছতা, জবাবদিহি ও জন-অংশগ্রহণ বিষয়ে শুদ্ধাচার সংলাপ’ শীর্ষক এক অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, কেনিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ভারত থেকে আসা জলবায়ু বিশেষজ্ঞ ও গবেষকেরা অংশ নেন।
অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে দেওয়া বক্তৃতায় বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ বলেন, নিরীক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আরও সময় লাগবে। তাঁরা ইতিমধ্যে ১১২টি জলবায়ু প্রকল্পের নিরীক্ষা করেছেন। বেশির ভাগ প্রকল্পেই কোনো না কোনো আপত্তি পাওয়া গেছে।
গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (ইকাড) নির্বাহী পরিচালক সালিমুল হক বলেন, অনেকে ভাবতে পারেন যে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের ক্ষতির বিষয়টি তুলে ধরলেই আন্তর্জাতিক তহবিল পাওয়া যাবে। এটা ঠিক নয়। কেননা, যে দেশ জলবায়ু তহবিল ব্যবহার করে যত বেশি অর্জন দেখাতে পারবে, সেই দেশ তত বেশি তহবিল পাবে। সে ক্ষেত্রে জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, শিল্পোন্নত দেশগুলো চায় জলবায়ু তহবিল গ্রহণকারী দেশগুলোতে প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি। তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে বেসরকারি খাতকে যুক্ত করার কথা বলছে তারা। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো এখনো বেসরকারি খাতকে যুক্ত করছে না। তহবিল ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করার পরামর্শ দেন তিনি। সকালে অনুষ্ঠানের সূচনা পর্বে শুভেচ্ছা বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অদূর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাবের ফলে বাংলাদেশের প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে।
অনুষ্ঠানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কমিউনিটি ক্লাইমেট প্রজেক্টের সমন্বয়ক ফজলে রাব্বি সাদেক বলেন, শিল্পোন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে জলবায়ু তহবিল দেওয়ার ক্ষেত্রেও সুশাসনের ঘাটতি রয়েছে। তারা উন্নয়ন সহায়তার অর্থকে জলবায়ু তহবিল খাতে দেখাচ্ছে।
অনুষ্ঠানের সমাপনী অংশে সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সবুজ জলবায়ু তহবিলের (জিসিএফ) কারিগরি পরামর্শক ও সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের (সিএফজি) নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ, অক্সফাম আমেরিকার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আনাকা পিটারসন কারভালহো, সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক এ আতিক রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজান আর খান।