প্রজ্ঞাপনের দাবিতে মঙ্গলবার বিআরটিএতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে শান্তিনগরে বিক্ষোভ করে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। ঢাকা, ২৯ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ

হাফ পাস বা অর্ধেক ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে কাল মঙ্গলবার বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তায় অবস্থান করে দুপুর ১২টার দিকে ৯ দফা তুলে ধরে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে তারা।

নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে শান্তিনগরে বিক্ষোভ করে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। ঢাকা, ২৯ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ

শিক্ষার্থীরা জানায়, ‘কাল মঙ্গলবারের মধ্যে যদি অর্ধেক ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে সেখানে অবস্থান করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। আমরা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি। এর আগেও বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা বিভিন্ন আশ্বাস পেয়েছি, কিন্তু আশ্বাসগুলো আশ্বাসই থেকে গেছে।

সেটার আসলে কোনো বাস্তবায়ন হয়নি। আমরা দাবি জানিয়েছি সব বাসে অর্ধেক ভাড়া কার্যকরের জন্য। শুধু বিআরটিসি বাসে অর্ধেক ভাড়ার জন্য আমাদের এ দাবি নয়।’
শিক্ষার্থীরা জানায়, ‘আজ বিভিন্ন পরীক্ষা ছিল, সে জন্য আমরা কোনো রাস্তা অবরোধ করিনি, শুধু আমরা জমায়েত হয়েছি। আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু লোক রাস্তায় নেমে যায়। ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে তারা নানাভাবে প্রশ্নবিদ্ধ করছে।’

এদিকে আজ সোমবার দুপুরের দিকে বাসে অর্ধেক ভাড়া (হাফ পাস) ও নিরাপদ সড়কের দাবিতে নীলক্ষেত ও শান্তিনগরে সড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শান্তিনগরে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ দেখান।

শতাধিক শিক্ষার্থী প্রথমে শান্তিনগর মোড় অবরোধ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে আবার শান্তিনগর এসে অবস্থান নেন। বেলা পৌনে দুইটার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান। দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন বলে জানায় পুলিশ। সেখানে বেশ কিছু শিক্ষার্থী আধা ঘণ্টার মতো অবস্থান করেন। পরে তাঁরা সড়ক ত্যাগ করেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

আরও পড়ুন