প্রণব হত্যার সুষ্ঠু তদন্ত চান জগন্নাথ হলের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রণব দাসগুপ্ত বাবলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা। তাঁরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন।গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এসব কথা বলেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিরও দাবি জানিয়েছেন তাঁরা। মানববন্ধনে জগন্নাথ হলের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, প্রণবের মৃত্যু পুরো বিশ্ববিদ্যালয়কে হতবাক করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায়, এটা মৃত্যু না অপমৃত্যু তার প্রকৃত রহস্য উদ্ঘাটন হোক। প্রাধ্যক্ষ অধ্যাপক অজয় কুমার দাসের উপস্থিতিতে জগন্নাথ হলের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা মানববন্ধনে বক্তব্য দেন। গত ১৫ অক্টোবর বেলা সাড়ে তিনটার দিকে আজিমপুরের একটি বাসা থেকে প্রণব দাসগুপ্ত বাবলুর ঝুলন্ত লাশ উদ্ধার করে লালবাগ থানার পুলিশ। এ ঘটনায় প্রণবের স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।