প্রতারণা ও নির্যাতনের অভিযোগ করলেন ইরাকফেরত ১৪ জন
কাতারে নেওয়ার কথা বলে নেওয়া হয় ইরাকে। কিন্তু সেখানে গিয়েও নেমে আসে নির্যাতন। ঠিকমতো খাবার দেওয়া হতো না। এ রকম পরিস্থিতিতে তাঁরা কেউ কেউ কোনোভাবে দেশে ফিরে এলেও তাঁদের সঙ্গী অনেকে এখনো ইরাকেই চরম কষ্টে আছেন।
এসব অভিযোগ করলেন ইরাকে কাজ করতে গিয়ে প্রতারণার শিকার ১৪ জন বাংলাদেশি। রাজধানীর বড় মগবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে গিয়ে গতকাল রোববার কমিশনের চেয়ারম্যান ও একজন সদস্যের কাছে এসব অভিযোগ জানান তাঁরা।
এই ভুক্তভোগীরা বলেন, তাঁরা ১৮০ জন জনপ্রতি চার থেকে ছয় লাখ টাকা দিয়ে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ইরাকে গিয়েছিলেন। এর মধ্যে ১৫ জন দেশে ফিরতে পেরেছেন। ১০-১৫ জন পালিয়ে গেছেন। বাকিরা এখনো ইরাকে কষ্ট করছেন। তাঁদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁরা কমিশনকে অনুরোধ জানান। তাঁদের অভিযোগ, চাকরির কথা বলে তাঁদের নেওয়া হলেও পরে তাঁরা বুঝতে পারেন, তাঁরা মানব পাচারের শিকার।
যে নির্মাণ কোম্পানিতে কাজের নামে তাঁদের নেওয়া হয়, সেটি তাঁদের কাছে সন্ত্রাসীদের কোনো প্রতিষ্ঠান বলে মনে হয়েছে। বিষয়টি জেনেও ইরাকের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের সহযোগিতা করেননি। এমনকি দূতাবাসের একজন কর্মকর্তার সামনেও তাঁদের নির্যাতন করা হয়।
ভুক্তভোগীদের একজন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার জহুরুল ইসলাম বলেন, দালালদের মাধ্যমে সাড়ে চার লাখ টাকার বিনিময়ে কাতারে যেতে তিনি চুক্তি করেন। গত বছরের মে মাসের এক দিন কাতারে পাঠানোর জন্য তাঁকে একটি রিক্রুটিং এজেন্সির ঢাকার কার্যালয়ে আনা হয়। ভোররাতে তাঁর মতো আরও অনেককে রওনা হতে প্রস্তুত হতে বলা হয়।
রওনার মুহূর্তে রিক্রুটিং এজেন্সির একজন বলেন, কাতারে পাঠানো সম্ভব হবে না। ইরাকে পাঠানো হবে। এতে তাঁরা কান্নাকাটি শুরু করেন। তখন তাঁদের বোঝানো হয়, ইরাক যাওয়া মানে ‘সোনার হরিণ’ পাওয়া। অনেক টাকা দিয়েছেন বলে বাধ্য হয়েই তাঁরা ইরাকে যান। তাঁদের কর্মস্থলে নেওয়ার পর পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়। এরপর মরুভূমিতে একটি বাড়িতে নেওয়া হয়। সেখানে কয়েকজন বড় বড় অস্ত্র নিয়ে ঘুরছিল। তাঁরা বেতনের কথা জিজ্ঞাসা করলে বলা হতো, ‘তোদের টাকা দিয়ে কিনেছি’। তাঁদের নির্যাতনও করা হতো। এভাবে ১৩ মাস থাকার পর তিনি অনেক চেষ্টায় দেশে ফিরতে পেরেছেন। কিন্তু তাঁর সঙ্গে যাওয়া অনেকেই এখনো সেখানে কষ্টে আছেন।
ইরাকে যাওয়া চাঁদপুরের এক যুবকের বাবা বলেন, প্রায় ছয় মাস ধরে ছেলের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। ফিরে আসা আরও কয়েকজন নির্যাতনের বর্ণনা দিয়ে যাঁরা এখনো ইরাকে আছেন, তাঁদের ফিরিয়ে আনার অনুরোধ করেন।
অভিযোগ শোনার পর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এই ঘটনায় পদে পদে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর তদন্ত করে যাঁরা এই মানব পাচারের সঙ্গে যুক্ত তাঁদের প্রচলিত আইনে শাস্তি দিতে হবে।
দূতাবাসের একজন কর্মকর্তার সামনে নির্যাতনের অভিযোগ যদি সত্য হয়, তাহলে তাঁকে সেখান থেকে বিদায় করে আইনের মুখোমুখি করতে হবে। এই অভিযোগ তিনি পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার কাছে তুলে ধরবেন। আর যাঁরা এখনো ইরাকে আছেন ও দেশে আসতে চান তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে রাষ্ট্র যাতে ব্যবস্থা নেয়, সেটা তাঁরা বলবেন।
এ সময় কমিশনের সদস্য কাজী রিয়াজুল হকও বক্তব্য দেন।