প্রতারিত যুবককেই পুলিশে সোপর্দ!
মোজাম্মেল হক নামে এক যুবক নিয়োগপত্র নিয়ে আনন্দমনে এসেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দিতে। কিন্তু মন্ত্রণালয়ে এসেই জানতে পারেন ‘টেলিফোন অপারেটর’ নামে যে পদের নিয়োগপত্র তাঁকে দেওয়া হয়েছে সেটি ভুয়া। মুহূর্তেই তাঁর সব আনন্দ নিরানন্দে পরিণত হয়। তবে এখানেই শেষ নয়। মন্ত্রণালয় প্রতারিত এই যুবককেই পরে পুলিশে সোপর্দ করেছে।গতকাল মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে ওই যুবককে শাহবাগ থানায় পাঠানো হয়। মোজাম্মেল কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মজলিশপুর।মোজাম্মেল সাংবাদিকদের বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়িচালক পরিচয়দানকারী নরসিংদীর আবুল হোসেন তাঁকে জানায়, বিশেষ কোটায় শিক্ষা মন্ত্রণালয়ের ‘টেলিফোন অপারেটর’ পদে তিনি চাকরি দিতে পারবেন। এ জন্য দুই লাখ টাকা লাগবে। এরপর গত ১৪ জানুয়ারি তাঁকে টেলিফোন অপারেটর হিসেবে নিয়োগপত্র দেন আবুল। এতে শিক্ষাসচিবের জাল স্বাক্ষর ছিল।মোজাম্মেল কান্নাজড়িত কণ্ঠে জানান, জমি বিক্রি করে এক লাখ ৮৫ হাজার টাকা তিনি আবুলকে দিয়েছিলেন। এখন কী হবে তিনি কিছুই বুঝতে পারছেন না।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ তাঁকে থানায় রেখেছে। তবে তাঁর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতারকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে ওই যুবককে থানায় পাঠানো হয়েছে।